ট্রাম্পের মনোনীত অ্যাটর্নি জেনারেল পদে সিনেটের অনুমোদনের পথে ব্ল্যাঞ্চ

লেখক: Rumie
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী টড ব্ল্যাঞ্চ দেশটির পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে সিনেটের অনুমোদন পাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছেন। সোমবার রিপাবলিকান দলের দুই সিনেটর তার মনোনয়নের বিরোধিতা প্রত্যাহার করে নেওয়ায় তার অনুমোদনের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

এর আগে রিপাবলিকান সিনেটর জন কর্নিন ও থম টিলিস ব্ল্যাঞ্চের মনোনয়ন নিয়ে আপত্তি তুলেছিলেন। তাদের উদ্বেগের মূল কারণ ছিল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার কথিত ভুক্তভোগীদের জন্য ১৮০ কোটি ডলারের একটি তহবিল এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার পরিবারের জন্য কর নিরীক্ষা থেকে অব্যাহতি-সংক্রান্ত একটি সমঝোতা।

Manual7 Ad Code

তবে সপ্তাহান্তে ব্ল্যাঞ্চ লিখিত আদেশে বিতর্কিত ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ বাতিল করেন। একই সঙ্গে তিনি জানান, ট্রাম্প, তার দুই জ্যেষ্ঠ ছেলে এবং ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে হওয়া কর নিরীক্ষা-সংক্রান্ত চুক্তি শুধুমাত্র অতীতের করবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, ভবিষ্যতের কর বিবরণীর ক্ষেত্রে নয়।

Manual1 Ad Code

এর পরিপ্রেক্ষিতে কর্নিন ও টিলিস সোমবার এক যৌথ বিবৃতিতে ব্ল্যাঞ্চের সিদ্ধান্তকে স্বাগত জানান। তারা বলেন, সিনেটের বিচার বিষয়ক কমিটিতে তার মনোনয়ন দ্রুত এগিয়ে নিতে তারা ভোট দিতে আগ্রহী।

রিপাবলিকানদের ১২-১০ ভোটের সামান্য সংখ্যাগরিষ্ঠতা থাকা সিনেট জুডিশিয়ারি কমিটিতে মঙ্গলবার এ বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। এরপর সপ্তাহের শেষ দিকে রিপাবলিকান-নিয়ন্ত্রিত পূর্ণ সিনেটে তার মনোনয়নের ওপর ভোট হতে পারে।

অন্যদিকে সিনেটের ডেমোক্র্যাট সদস্যরা ব্ল্যাঞ্চের মনোনয়নের বিরোধিতায় একাট্টা রয়েছেন। তাদের অভিযোগ, তিনি বিচার বিভাগকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং প্রেসিডেন্টের ব্যক্তিগত আইনি দলের সম্প্রসারিত অংশ হিসেবে পরিচালনা করেছেন।

সিনেটে ডেমোক্র্যাট দলের নেতা চাক শুমার বলেন, রিপাবলিকানরা আবারও ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীর আশ্বাসের ওপর নির্ভর করছেন। তার ভাষায়, নতুন এই সমঝোতা ট্রাম্প ও তার পরিবারের জন্য কর-সংক্রান্ত বিশেষ সুবিধার সুযোগ পুরোপুরি বন্ধ করতে পারেনি।

Manual6 Ad Code

এদিকে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন-সংক্রান্ত তদন্ত নথি প্রকাশের বিষয়টি পরিচালনা নিয়েও সমালোচনার মুখে পড়েছেন ব্ল্যাঞ্চ। এপস্টেইনের ভুক্তভোগীদের অভিযোগ, এ বিষয়ে তিনি যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করতে পারেননি।

চলতি বছরের এপ্রিলে ট্রাম্প অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডিকে বরখাস্ত করার পর থেকে ব্ল্যাঞ্চ ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন। এ সময় তিনি ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে বিভিন্ন মামলা তদারকির পাশাপাশি ট্রাম্প প্রশাসন ও সরকারের মধ্যে আলোচিত আইনি সমঝোতা চূড়ান্ত করতে ভূমিকা রাখেন।

ওই সমঝোতার সূত্রপাত হয় ট্রাম্পের করা ১০ বিলিয়ন ডলারের একটি মামলাকে কেন্দ্র করে। মামলায় অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের কর বিভাগ (আইআরএস)-এর এক ঠিকাদার অবৈধভাবে তার কর-সংক্রান্ত তথ্য ফাঁস করেছিলেন।

সমঝোতার খসড়ায় অতীতের করবর্ষে নিরীক্ষা থেকে অব্যাহতি এবং বিচার বিভাগের মাধ্যমে অন্যায়ভাবে হয়রানির শিকার দাবি করা ব্যক্তিদের জন্য ১৭৭ কোটি ৬০ লাখ ডলারের একটি তহবিল গঠনের প্রস্তাব ছিল। এতে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় দণ্ডিত ট্রাম্প সমর্থকদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে ধারণা করা হয়।

তবে পৃথক দুটি মামলায় ফেডারেল বিচারকরা ওই তহবিল স্থগিত করেন এবং কর-সংক্রান্ত সমঝোতারও সমালোচনা করেন। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এই চুক্তির মাধ্যমে ট্রাম্প অতীতের প্রায় ১০০ মিলিয়ন ডলার পর্যন্ত সম্ভাব্য করদায় এড়ানোর সুযোগ পেতে পারেন।

একজন বিচারক রায়ে বলেন, আইআরএসের বিরুদ্ধে ট্রাম্পের মামলাটি আদালতের অপব্যবহারের উদ্দেশ্যে করা হয়েছে এবং সাধারণ করদাতারা যে সুবিধা পান না, তা আদালতের মাধ্যমে বৈধ করার চেষ্টা হয়েছে।

রোববার এক বিবৃতিতে ব্ল্যাঞ্চ স্পষ্টভাবে জানান, ‘অ্যান্টি-ওয়েপনাইজেশন ফান্ড’ গঠনের আদেশ বাতিল করা হয়েছে এবং এটি আর কার্যকর থাকবে না। তার ভাষায়, ‘এই আদেশের মাধ্যমে সন্দেহাতীতভাবে স্পষ্ট করা হলো যে, এমন কোনো তহবিল আর নেই।’

ডেমোক্র্যাটদের অভিযোগ, ব্ল্যাঞ্চ প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিলেন এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমি। ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত কোমির বিরুদ্ধে গত এপ্রিলে ইনস্টাগ্রামে ট্রাম্পকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে অভিযোগপত্র দাখিল করা হয়।

Manual5 Ad Code

বিচার বিভাগে যোগ দেওয়ার আগে ব্ল্যাঞ্চ নিউইয়র্কে পর্ন তারকা  স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়ার অভিযোগসংক্রান্ত মামলায় ট্রাম্পের পক্ষে আইনজীবী হিসেবে কাজ করেন। এছাড়া বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ পরিচালিত দুটি ফেডারেল মামলায়ও তিনি ট্রাম্পের আইনি প্রতিরক্ষা দলের সদস্য ছিলেন। মামলাগুলোতে হোয়াইট হাউস ছাড়ার পর গোপন নথি সংরক্ষণ এবং ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল।তবে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ার পর মামলাগুলো প্রত্যাহার করে নেওয়া হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code