প্রবাসে বসে স্বদেশে ভোট : তুরস্ক পারে, কিন্তু আমরা কেন নয়…

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code
তাইসির মাহমুদ :
রোববার তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন । দেশটিতে শেষ মুহুর্তের নির্বাচনী ডামাঢোল চলছে। ৭ মে রোববার বর্তমান প্রেসিডেন্ট এরদোগানের একটি জনসভায় ১৭ লাখের বেশি মানুষ জমায়েত হওয়ার খবর পাওয়া গেছে। যা নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন।
সকালে দরজা খুলে ঘর থেকে বের হয়েই দেখলাম আমার তার্কিশ প্রতিবেশী মোস্তাফা তার ফ্রন্ট গার্ডেনে কাজ করছেন । আমার উপস্থিতি টের পেয়েই তিনি হাতের কাজ ফেলে রেখে কথা শুরু করে দিলেন। মোস্তাফা রাজনীতি-সচেতন মানুষ। বিভিন্ন সময় তার সাথে তুরস্কের রাজনীতি নিয়ে কথা হয়।
তিনি কোনো ভুমিকা ছাড়াই তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলতে থাকলেন।
বললেন, মঙ্গলবার ভোট দিয়ে এসেছেন । জানতে চাইলাম, ভোট দিতে কি দেশে (তুরস্কে) গিয়েছিলেন । বললেন, আরে নাহ- দেশে যাবো কেন? এখানেই দিয়েছি । আমি কিছুটা অবাক হয়েই জানতে চাইলাম, এই দেশ থেকে কীভাবে ভোট দিলেন?
বললেন, আমরা সবসময়ই এখানে বসে ভোট দিই। শুধু যুক্তরাজ্য প্রবাসীরাই নয়; ফ্রান্স, জার্মান, ইতালীসহ বিশ্বের বিভিন্ন দেশে তুরুস্কের মানুষ বসাবাস করেন । নির্বাচনের আগে সরকার প্রবাসীদের ভোট গ্রহণের ব্যবস্থা করে ।
বললেন, এবার সেন্ট্রাল লন্ডনের টাওয়ার ব্রিজের কাছাকাছি এলাকায় একটি হল ভাড়া নিয়েছে সরকার। এখানেই তার্কি প্রবাসীরা গিয়ে ইভিএম পদ্ধতিতে ভোট দিচ্ছেন । তবে ভোট দিতে তুরস্কের জাতীয় আইডি কার্ড লাগে । যাদের আইডি কার্ড আছে একমাত্র তারাই ভোট দিতে পারেন। দেশে গিয়ে আইডি কার্ড করতে হয় । ভোট সেন্টারে যাওয়ার পর আইডি কার্ড প্রদর্শন করতে হয় । এরপর কম্পিউটার সিস্টেমে চেক করে সবকিছু ঠিকঠাক থাকলেই তবে ভোট দিতে দেওয়া হয়। মোস্তাফা খুবই আশাবাদী এরদোয়ান বিজয়ী হবেন। তবে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানালেন।
লন্ডনে বসে নিজ দেশের নির্বাচনে মোস্তাফার ভোট দেয়ার বিষয়টি আমাকে ভাবিয়ে তুলে। আমরা কি লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচনে ভোট দিতে পারবো? এখনও আইডিকার্ড পাইনি। হাইকমিশনের মাধ্যমে প্রবাসীদের আইডি কার্ড দেওয়ার দাবী দীর্ঘদিনের । কিন্তু বাস্তবে ইতিবাচক কিছুই দেখা যাচ্ছে না।
গত সোমবার (৮মে) রয়েল রিজেন্সী হলে আইএফআইসি ব্যাংকের রেমিটেন্স রোড শো ছিলো। অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে প্রবাসীরা আইডি কার্ডের ব্যাপারে প্রশ্ন করেছিলেন ।
কিন্তু তিনি পরিস্কার কোনো উত্তর দেননি। শুধু বলেছেন, সরকার কাজ করছে তবে নানা প্রতিবন্ধকতা আছে । তাঁর কথায় আমি ভরসা করতে পারিনি । কবে, কখন প্রবাসীরা হাইকমিশনের মাধ্যমে এনআইডি কার্ড পাবেন? যদি আমরা আইডি কার্ড পাই, আর তুরস্কের মতো যুক্তরাজ্যে বসে ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সরকার পরিবর্তনে আমাদের ভুমিকা থাকে, তাহলে হয়তো দাবী-দাওয়ার বিষয়ে সরকার প্রবাসীদের কথা শুনতে পারে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code