

ভারতের মুম্বাই বন্দরে ইরানের তিনটি যুদ্ধজাহাজ নোঙর করেছে। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের অংশ হিসেবে এসব যুদ্ধজাহাজ সেখানে গেছে। ইরানের যুদ্ধজাহাজের বহরে রয়েছে ‘নাগদি’ ও ‘বয়িনদার’ ডেস্ট্রয়ার এবং ‘তুম্ব’ রণতরি। খবর ইয়ানি সাফাকের।
ভারতে ইরানের যুদ্ধজাহাজে পৌঁছনের মাধ্যমে ইরান গোটা অঞ্চলে শান্তি ও বন্ধুত্বের বার্তা পৌঁছে দিতে চায়। মুম্বাইতে অবস্থিত ইরানের কনস্যুলেট অফিসের প্রধান আহমাদ সাদেকি এবং নয়াদিল্লিতে নিযুক্ত ইরানের সামরিক কর্মকর্তা রেজা কারিমি যুদ্ধজাহাজ বহরকে স্বাগত জানিয়েছেন।
ইরানের সংবাদ সংস্থাগুলো জানিয়েছে, ইমাম খোমেনি (রহ.) নাভাল ইউনিভার্সিটির ছাত্রদের প্রশিক্ষণের অংশ হিসেবে যুদ্ধজাহাজগুলো ভারত গেছে। এ কারণে ওই বহরে প্রশিক্ষণার্থীরাও রয়েছে।
ইরানের যুদ্ধজাহাজ বহর ভারতে চার দিন অবস্থান করবেন। এ সময় ভারত ও ইরানের নৌ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।