

জাকারিয়া জাহাঙ্গীর, জামালপুর:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী একজন খাঁটি মুসলমান। তিনি প্রতিদিন নামাজ আদায় ও কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার কাজে হাত দেন। ধর্মীয় শিক্ষার বাস্তব প্রতিফলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত ধরে দেশকে এগিয়ে নিতে পারলে পথ হারাবে না বাংলাদেশ। বুধবার দুপুরে জামালপুরের মেলান্দহের বেতমারি মহিলা (কওমী) মাদ্রাসার ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
কওমি মাদ্রাসাগুলোতে জঙ্গির আস্তানা থাকার ধারণাকে ভুল আখ্যায়িত করে তিনি বলেন, কওমি মাদ্রাসাগুলোর পাঠদান পদ্বতি আমাদের জানা হয়ে গেছে। মাদ্রাসাগুলোতে আদর্শ, শান্তির ধর্ম ইসলামের পূর্ণাঙ্গ শিক্ষার পাশাপাশি মাতৃভাষা শিক্ষা দেয়া হয়। এজন্য কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিও দেয়া হয়েছে। তিনি আরো বলেন, ইসলাম মানুষ হত্যা, গণহত্যায় বিশ^াস করে না। জঙ্গিবাদ বিশ^াস করে না। তাই আল্লামা আহমেদ শফীর অনুসারি হিসেবে বাংলাদেশকে জঙ্গীমুক্ত রাখতে ইমাম, মোয়াজ্জিন, মাওলানা, মুফতীদের এগিয়ে আসার আহবান জানান।
এসডিজির মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি, জামালপুর-৫ আসনের এমপি আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, ডিসি এনামুল হক, এসপি দেলোয়ার হোসেন পিপিএমবার, আন্তর্জাতিক বক্তা মাও. হাফিজুর রহমান সিদ্দিকী কোয়াকাটা, জামেয়া হুছাইনিয়ার আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আলহাজ মুফতী শামসুদ্দিন, মাও. ওমর ফারুক প্রমুখ।