

স্পোর্টস ডেস্ক: এবারের নারীদের ফুটবল বিশ্বকাপ ইউরোপের ৫ শীর্ষ ফুটবল খেলুড়ে দেশে সম্প্রচার নাও হতে পারে! বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতির হুমকিতে এমন পরিস্থিতির তৈরি হয়েছে। নারী বিশ্বকাপ সম্প্রচারে যথার্থ অঙ্কের প্রস্তাব না আসায় ফিফা বিষয়টি ভালো চোখে নেয়নি। তাদের কাছে মনে হয়েছে, এভাবে নারী খেলোয়াড়দের অবমূল্যায়ন করা হয়েছে। যাকে বলা হচ্ছে বিশ্বব্যাপী নারীদের মুখে চপেটাঘাতের শামিল।
ইউরোপের যে পাঁচটি শীর্ষ ফুটবল খেলুড়ে দেশ থেকে এত কম অঙ্কের সম্প্রচার স্বত্বের প্রস্তাব এসেছে সেগুলো হলো- ব্রিটেন, স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্স।
ফিফার কাছে তাদের প্রস্তাব গ্রহণযোগ্য মনে হয়নি মোটেই। বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘এটা খুব পরিষ্কার নারী বিশ্বকাপকে এত কমে মূল্যায়িত করার বিরুদ্ধে ফিফার নৈতিক ও আইনগত বাধ্যবাধকতা রয়েছে। ফলে ইউরোপের বিগ ফাইভের পক্ষ থেকে প্রস্তাবগুলো যদি ন্যায্য না হয়। তাহলে সেসব দেশে বিশ্বকাপ সম্প্রচার করা থেকে আমরা বিরত থাকতে বাধ্য হবো।’