চেন্নাই রুটে ইউএস-বাংলার হেলথ-হলিডে প্যাকেজ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

বাংলাদেশের আকাশ পরিবহনের ইতিহাসে প্রথমবারের মতো ভারতের চেন্নাইয়ে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। প্রতিষ্ঠানটি তাদের ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় আগামী ৩১ মার্চ থেকে এ যাত্রা শুরু করবে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন এ ফ্লাইট পরিচালিত হবে।

 

বুধবার (২০ মার্চ) সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ। এ সময় তিনি যাত্রীদের জন্য হেলথ ও হলিডে প্যাকেজ ঘোষণা করেন।

 

ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে আটটি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে।

 

 

 

ঢাকা-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫ হাজার ৪৩ টাকা এবং ফিরতি ভাড়া ২৪ হাজার ২২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬ হাজার ৪৫ টাকা এবং ফিরতি ভাড়া ২৬ হাজার ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সবধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

Manual2 Ad Code

 

প্রাথমিকভাবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশে ছেড়ে যাবে এবং চেন্নাইয়ের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছাবে।

 

এ ছাড়া চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে।

 

এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং শফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে প্রথমে ফ্লাইটটা যাবে চট্টগ্রাম, সেখান থেকে ফ্লাইট চেন্নাই যাবে। ঢাকা থেকে যে যাত্রী চেন্নাই যাচ্ছেন, তাকে চট্টগ্রামে নামতে হবে না। এটা সরাসরি ফ্লাইট। চট্টগ্রামের যেসব চেন্নাইয়ের যাত্রী, তাদের প্রায় ৫০ শতাংশই চট্টগ্রাম থেকে ভ্রমণ করে। এ জিনিসগুলো মাথায় রেখেই চট্টগ্রাম দিয়ে যাওয়ার চিন্তা করেছি। অদূর ভবিষ্যতে আমরা যখন দেখব, চট্টগ্রাম থেকেই ফ্লাইট সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তখন এ ফ্লাইটটা পৃথক করে ফেলব। শুরুতে ঢাকা থেকে চট্টগ্রাম, পরে চেন্নাই যাবে।’

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ আরও বলেন, ‘বাংলাদেশের আকাশ পরিবহনের ইতিহাসে প্রথমবারের মতো আগামী ৩১ মার্চ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় ভারতের চেন্নাইতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হবে।’

 

হেলথ প্যাকেজ

Manual5 Ad Code

 

ইউএস-বাংলার এয়ারলাইন্সের সঙ্গে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের একটি দ্বিপাক্ষিক চুক্তি সই হয়েছে বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ।

 

তিনি জানান, ইউএস-বাংলা এয়ারলাইন্স চেন্নাইয়ে প্রতিজনের জন্য ৩৭ হাজার ৯৯০ টাকার একটি হেলথ প্যাকেজ ঘোষণা করেছে। প্যাকেজের মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা ফিরতি টিকিট, দুইজনের জন্য দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা, সকালের নাস্তা, ফ্রি ভিসা ইনভাইটেশন লেটার, ফ্রি ডক্টরস অ্যাপয়েনমেন্ট, ফ্রি এয়ারপোর্ট পিক-আপসহ অ্যাপোলো মাস্টার হেলথ চেক প্যাকেজ অন্তর্ভুক্ত রয়েছে।

 

Manual1 Ad Code

অ্যাপোলো মাস্টার হেলথ চেক প্যাকেজের মধ্যে রয়েছে হিমোগ্রাম, ব্লাড সুগার টেস্ট, কিডনি ফাংশন টেস্ট, লিপিড প্রোফাইল, লিভার ফাংশন টেস্ট, কমপ্লিট ইউরিন অ্যানালাইসিস, স্টুল টেস্ট, ইসিজি, এক্সরে চেস্ট, আল্ট্রাসাউন্ড অব দ্য অ্যাবডোমেন (স্ক্রিনিং অনলি), প্যাপ স্মিয়ার (নারীদের জন্য)।

 

ইমরান আসিফ বলেন, ‘চেন্নাইতে সরকারি ও বেসরকারি হাসপাতালসহ বিশ্বমানের চিকিৎসা সুবিধা রয়েছে। বর্তমানে ভালো চিকিৎসা ও সাশ্রয়ী সেবার জন্য উচ্চবিত্তদের পাশাপাশি মধ্যবিত্তরাও প্রতিবেশী দেশ ভারতে যাচ্ছেন। কলকাতা ছাড়াও জটিল অপারেশনের জন্য চেন্নাই বা মাদ্রাজ ক্রমেই বাংলাদেশের জনগণের কাছে নির্ভরশীল হয়ে উঠছে। চেন্নাই থেকেও কম খরচে চিকিৎসা সুবিধা পেতে ১৩৩ কিলোমিটার দূরের তামিলনাডু জেলার ভেলোরে যাচ্ছেন বাংলাদেশিরা। এখানে রয়েছে খ্রিস্টান মিশনারিদের অলাভজনক প্রখ্যাত হাসপাতাল সিএমসি ও নারায়নী। এ দুটো হাসপাতালের মান ও সেবা আন্তর্জাতিক মানের। তবে সেই অনুপাতে চিকিৎসা ব্যয় বেশি নয়।’

 

তিনি আরও বলেন, ‘প্রতি বছর ১০ থেকে ১২ লাখ মানুষ ভারতে যায়। এর মধ্যে ২০ শতাংশ চিকিৎসা ভিসা নিয়ে যায়। তবে প্রকৃত অর্থে চিকিৎসার্থে যাওয়া লোকের সংখ্যা আরও বেশি হবে। অন্যরা টুরিস্ট ভিসা নিয়ে যায় ভারত।’

Manual3 Ad Code

 

হলিডে প্যাকেজ

 

হেলথ প্যাকেজ ছাড়াও পর্যটকদের জন্য ন্যূনতম ৩২ হাজার ৪৯০ টাকায় দুই রাত তিন দিনের হলিডে প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজের মধ্যে ঢাকা-চেন্নাই-ঢাকা রিটার্ন এয়ার টিকিট, দুইজনের জন্য দুই রাত তিন দিন থাকার ব্যবস্থা, সকালের নাস্তা ও ফ্রি এয়ারপোর্ট পিক-আপ অন্তর্ভুক্ত রয়েছে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code