

যুক্তরাষ্ট্র অফিস: দখলকৃত পশ্চিম তীরে হাজার হাজার ভবন নির্মাণে ইসরায়েলি পরিকল্পনা চিন্তার ভাঁজ ফেলেছে যুক্তরাষ্ট্রের কপালে। ওয়াশিংটন বলছে, এ ঘটনায় তারা ভীষণ উদ্বিগ্ন। শান্তি স্থাপনে আলোচনার তাগিদ দিয়েছে জো বাইডেন প্রশাসন।
পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় চার হাজার ৫৬০টি হাউজিং ইউনিট অনুমোদনের পরিকল্পনাগুলো আছে ইসরায়েলের সুপ্রিম প্ল্যানিং কাউন্সিলের এজেন্ডায়। আগামী সপ্তাহে তা তুলে ধরা হবে। যদিও এখন কেবল ১ হাজার ৩৩২টি চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে রয়েছে। বাকিগুলো প্রাথমিক ছাড়পত্রের অপেক্ষায়।
ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেন, ‘আমরা এই ভূখণ্ডে (পশ্চিম তীর) ইসরায়েলি দখলের বন্দোবস্তের বিকাশ এবং শক্তিশালীকরণ অব্যাহত রাখব।’
বিশ্বের বেশিরভাগ দেশ ১৯৬৭ সালে দখল করা জমিতে ইসরায়েলের বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। আর এই বিষয়টাই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের অন্যতম কারণ। ফিলিস্তিনিরা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায নিয়ে পূর্ব জেরুজালেমকে তাদের রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সর্বশেষ এ পদক্ষেপে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। এ ঘটনাকে ওয়াশিংটন শান্তির পথে বাধা হিসেবে দেখে। বসতি সম্প্রসারণ বন্ধ করার জন্য মার্কিন চাপ সত্ত্বেও এমনটা হয়েছে। আমরা ইসরায়েলকে উত্তেজনা কমানোর জন্য সংলাপে আসার আহ্বান জানাচ্ছি।