সারাদেশ থেকে ঢাকায় ঢুকছেন দুই দলের নেতারা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

পহেলা ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে প্রায় সারাদেশ থেকেই আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে আসছেন। বেশ কয়েকটি জেলা থেকে আসা মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের পদধারী নেতারা ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছেন। স্ব স্ব দলের মেয়র প্রার্থীদের প্রচারণায় নিয়মিত অংশও নিচ্ছেন তারা। দুই সিটির বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের অনেকেও নিজ নিজ এলাকা থেকে কর্মী-সমর্থকদের ঢাকায় এনে তাদেরকে সঙ্গে নিয়ে প্রচারণা কার্যক্রম চালাচ্ছেন।

Manual2 Ad Code

দল দুটির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, মূলত ভোটের দিনকে সামনে রেখেই বাইরে থেকে নেতাদের ঢাকায় জড়ো করা হচ্ছে। দুই দলই মেয়র পদে জয় চায়। এজন্য যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি কেন্দ্রে-কেন্দ্রে পাহারা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আওয়ামী লীগ ও বিএনপির নির্ভরযোগ্য সূত্র ইত্তেফাককে জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণে মেয়র পদে দল দুটির চার প্রার্থীর নিজ গ্রামের এলাকা এবং আত্মীয়তার সূত্র-সংশ্লিষ্ট জেলাসমূহ থেকে বহু নেতা কয়েক দিন আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন। তারা নিজ দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নগরীর বিভিন্ন স্থানে প্রচারণায় অংশ নিচ্ছেন। প্রচারণার কৌশল নির্ধারণ, প্রচারণা সমন্বয় এবং পথসভায় নেতা-কর্মী-সমর্থক ও ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করার ক্ষেত্রেও তারা ভূমিকা রাখছেন। ভোটের দিনে ভোটারদের আকৃষ্ট করে দলীয় প্রার্থীর পক্ষে ভোট টানার জন্য করণীয় নির্ধারণেও তারা কাজ করছেন।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

বিভিন্ন জেলা থেকে ঢাকায় নেতাকর্মীদের আসার বিষয়ে আওয়ামী লীগের সংশ্লিষ্ট সূত্র ইত্তেফাককে জানায়, কয়েকটি জেলার মূল দল এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা-উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদকসহ উল্লেখযোগ্য পদধারী নেতাদের অনেকেই এখন ঢাকায়। বিশেষ করে, দুই মেয়র প্রার্থীর যেসব আত্মীয়স্বজন আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন তাদের জেলা থেকে দলীয় নেতাদেরকে ঢাকায় এনে প্রার্থীর পক্ষে কাজে লাগানো হচ্ছে।

Manual7 Ad Code

একটি বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতারা কয়েক দিন আগেই ঢাকায় এসেছেন। তারা ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপসের পক্ষে প্রচারণায় সহযোগিতা করছেন। একইভাবে উল্লেখযোগ্য আরেকটি বিভাগের নেতা-কর্মীরাও ঢাকায় এসে উত্তরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের পক্ষে কাজ করছেন।

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ভোটের দিন এবং এর আগে-পরে প্রতিপক্ষ যেন নির্বাচনি পরিবেশ নষ্ট এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য কেন্দ্রভিত্তিক পরিকল্পনা করা হচ্ছে। ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্রে-কেন্দ্রে পাহারায় থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। যে কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য কেন্দ্রীয়ভাবেও নির্দেশনা দেওয়া হয়েছে।

২০১৫ সালে সিটি নির্বাচনে মাঝপথ থেকে সরে গেলেও বিএনপি এবার শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে থাকার প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। দুই সিটিতেই জয়ও পেতে চায় দলটি। এজন্য বিএনপির নেতৃত্ব এবার নতুন কিছু কৌশল নিয়েছে। সুষ্ঠু ভোট আদায় করে দুই সিটিতেই জয় নিশ্চিতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি রাখার সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড। এই লক্ষ্যে ভোটের দিন ভোর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত কেন্দ্র পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা। কেন্দ্র পাহারা দিতে ঢাকা মহানগর নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন জেলা থেকেও মূল দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।

বিএনপি সূত্রে জানা গেছে, ফেনী ও নোয়াখালীসহ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে দলের নেতাকর্মীরা কয়েক দিন ধরেই ঢাকায় অবস্থান করে উত্তরে দলীয় মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণায় অংশ নিচ্ছেন। একইভাবে মুন্সীগঞ্জ, বিক্রমপুরসহ আশপাশের জেলা থেকে উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী ঢাকায় এসে দক্ষিণে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code