

চাটমোহর (পাবনা) :
পাবনার চাটমোহরে দুই জনের করোনা রোগী সনাক্ত হওয়ায় প্রশাসন উপজেলাকে লকডাউন ঘোষনা করেছে। দুই জনের নমুনা পরীক্ষার পর করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়। মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। সাধারণ মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের না হওয়ার জন্য প্রশাসন মাইকিং করা ছাড়াও পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত। সেনাবাহিনীর টহলও চলছে। পুলিশ টহল জোরদার করা হয়েছে। বন্ধ ঘোষনা করা হয়েছে সকল দোকানপাট ও যানবাহন চলাচল।
কিন্তু রাস্তাঘাটে, হাট, বাজার, ব্যাংকসহ বিভিন্ন স্থানে লোক সমাগম হচ্ছে প্রতিদিন। ত্রাণ বা খাদ্যের আশায় মানুষ ভীড় করছেন বিভিন্ন স্থানে। নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউনের কারণে ঘরবন্দি মানুষ খাদ্যের আশায় বেরিয়ে আসছে পথে। সরকারি ও ব্যক্তি উদ্যোগে বিচ্ছিন্নভাবে কিছু খাদ্যসামগ্রী দেওয়া হলেও, তা চাহিদার তুলনায় অতি নগণ্য। ফলে সকাল থেকে রাত পর্যন্ত ত্রাণের আশায় দল বেঁধে ঘুরছেন বিভিন্ন পেশার মানুষ।
চাটমোহরের চায়ের দোকানী, নির্মাণ শ্রমিক, সাইকেল মেকার, সেলুন শ্রমিক থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত ত্রাণের জন্য ধর্না দিচ্ছেন জনপ্রতিনিধি ও ধনাঢ্য ব্যক্তিদের কাছে। আশায় দিশেহারা হয়ে পড়েছে। কাজের জন্য শ্রমিক, দিনমজুর বাইরে বের হয়ে এসেছে। কেউ খাদ্যসামগ্রী নিয়ে এলেই মানুষ ঘিরে ধরছে তাদের। এক্ষেত্রে সামাজিক দুরত্বের কোন বালাই নেই। কোথাও মানা হচ্ছে না সামাজিক দুরত্ব।
চাটমোহরের বিভিন্ন ব্যাংকের শাখায় অসংখ্য মানুষের ভীড়। সোনালী ব্যাংক চাটমোহর শাখায় গিয়ে দেখা গেলে নিচের সিঁড়ি থেকে দোতলায় ব্যাংকের ভেতর পর্যন্ত প্রচন্ড ভীড়। প্রশাসনের পক্ষ থেকে সামাজিত দূরত্ব বজায় রেখে হাট বসালেও দোকান কিংবা কাঁচা বাজারে সামাজিক দুরত্ব মানা হচ্ছে না।
পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বামনগ্রামে মোঃ রেজাউল করিমের ছেলে জহুরুল ইসলাম প্রথম করোনা সনাক্ত হয়। পরে হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু ভিটাপাড়া গ্রামের আব্দুল প্রামানিকের ছেলে রেজাউল হোসেন নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হলো। দু’জনেই নারায়ণগঞ্জ ফেরত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, দু’ জনের করোনা আক্রান্ত রোগী সন্ধান পাওয়া গেছে। সামাজিক দূরত্ব বজায় রেখে মানুষকে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। হাট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। পুরো উপজেলা লকডাউন ঘোষনা করা হয়েছে।