

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি ঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে সরকারি ৬০ বস্তা মজুদকৃত চালসহ ২ জনকে আটক করেছেন র্যাব ৭ ফেনী ক্যাম্পের একটি দল। বুধবার ১৩ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের ছোট কমলদহ দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের একটি গোডাউন থেকে চালগুলো উদ্ধার করা হয়। এসময় দক্ষিণ ওয়াহেদপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে নুরুজ্জামান নুরু (৩৮) ও জাকির হোসেনের ছেলে আলা উদ্দিনকে (২৮) আটক করা হয়েছে। আটককৃত নুরুজ্জামান ওয়াহেদপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও ছোট কমলদহ বাজার পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক বলে জানা যায়।
ঘটনা সম্পর্কে র্যাব ৭ ফেনী ক্যাম্পের সহকারী কোম্পানি কমান্ডার (এএসপি) মো. নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাইয়ের ওয়াহেদপুর গ্রামে অভিযান পরিচালনা করে নুরুজ্জামানের বাড়ীর সামনের গোডাউন থেকে সরকারি ৬০ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকায় নুরুজ্জামান ও তার সহযোগী আলা উদ্দিনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত চালের পরিমান ১৫৮৩ কেজি। উদ্ধারকৃত কিছু চালের বস্তায় সরকারি দপ্তরের সিল রয়েছে। বেশির ভাগ চালের বস্তা পরিবর্তন করে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে আটককৃত নুরু স্বীকার করে। তবে সে কিভাবে এ চাল সংগ্রহ করেছে তা তদন্ত করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুজ্জামান চাল ছাড়াও মহাসড়কে চলাচল করা গাড়ী থেকে বিভিন্ন পণ্য লুটের সাথে জড়িত রয়েছে। এছাড়া সে চোরাই তেল ব্যবসার সাথেও জড়িত বলে স্বীকার কলেছে। তাদের একটি সিন্ডিকেট আছে। আমরা আরো তদন্ত করছি। তবে তদন্তের স্বার্থে এখনি কিছু বলা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এই বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, চাল উদ্ধার ও আটকের বিষয় শুনেছি। তবে র্যাব আমাদের আনুষ্ঠানিকভাবে এখনো কিছু বলেনি।