উলিপুর নৌকা ডুবি : ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

উলিপুর (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের উলিপুরে বৌভাতের দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ধরলা নদীর ডুবে যাওয়া স্থানে অভিযান চালিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরীদল ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন। কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনোরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেন। এসময় ধরলা নদীর তীরে উদ্ধার অভিযান দেখতে নিখোঁজ ব্যক্তিদের আত্মীয়-স্বজনসহ এলাকার শতশত মানুষ ভিড় করতে থাকেন।
জানা গেছে, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের যমুনা রায়পাড়া গ্রামের নুর ইসলামের কন্যা নাজমা খাতুন(১৮)এর সাথে পার্শ্ববর্তি বুড়াবুড়ি ইউনিয়নের ধরলা নদী বিচ্ছিন্ন চর কলাকাটা নামানির চর এলাকার আব্দুল হাই এর পূত্র আলমগীর হোসেন(২২)এর সাথে ঈদের পরদিন বিয়ে হয়। গত বুধবার দুপুরে মেয়ের বৌভাতের দাওয়াত খেতে মেয়ের বাবা নুর ইসলাম প্রায় ৫০ লোক জন লোক নিয়ে মেয়ের শ্বশুর বাড়ি যান। দাওয়াত খেয়ে নৌকা যোগে বাড়ির ফেরার সময় বিকেল ৪টার দিকে ধরলা নদীতে ঝড়-বৃষ্টি শুরু হলে লোকজন পলিথিন মাথার উপর দেয়ার সময় নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা অন্য লোকজন সাঁতরিয়ে কিনারায় আসলেও উপজেলার দূর্গাপর ইউনিয়নের যমুনা রায় পাড়া গ্রামের কনের বাবা মৃত ওসমান ক্বারীর পূত্র নুর ইসলাম(৫০), একই এলকার মৃত কেরামত উল্ল্যার পূত্র নুর ইসলাম (৫২), মৃত সোনাউল্লাহর পূত্র কামরুজ্জামান (৫৫) ও তৈয়ব আলীর স্ত্রী আমেনা বেগম(৫০) নিখোঁজ হন।
প্রতিকুল আবহাওয়ার কারনে নৌকা ডুবির ২০ ঘন্টা পর বৃহস্পতিবার সকাল থেকে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪ সদস্যের ডুবুরী দল প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার করেন।
এদিকে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মনোরঞ্জন সরকার বলেন, রংপুরের ৪ সদস্যের ডুবুরী দল এবং উলিপুর ও কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩ ঘন্টা অভিযান চালিয়ে নিখোঁজ হওয়া ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দ্রুত স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code