

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ৩৩ বছর আগে এই দিনে আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করে এক বালক। ছোট্ট সেই শহর থেকে যে একসময় ফুটবল বিশ্বে রাজত্ব শুরু করে এবং যা এখনও চলমান। সেই বালকের নাম লিওনেল আন্দ্রেস মেসি। বুধবার এই খুদে ফুটবল জাদুকরের ৩৩তম জন্মদিন। খবরটা মেসিভক্তদের জন্য একই সঙ্গে আনন্দের এবং বেদনার। আনন্দের কারণ তো জানাই। মেসির জন্মদিন বলে কথা! তবে ৩৩ বছর বয়সে পা দেওয়া মানে আর মাত্র কয়েক বছর পরেই হয়তো বুটজোড়া তুলে রাখবেন আর্জেন্টিনা ও বার্সেলোনার অধিনায়ক। অর্থাৎ, সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের পায়ের জাদু দেখার সু্যোগ হয়তো আর বেশিদিন নেই। ২০০০ সালে, মাত্র ১৩ বছর বয়সে বার্সার টেকনিক্যাল সেক্রেটারি চার্লি রেক্সাচের নজরে পড়েন মেসি। বালক মেসির সঙ্গে একটি রেস্টুরেন্টে সেসময় একটি ন্যাপকিন পেপারে চুক্তি স্বাক্ষর করেন তিনি।