চিরিরবন্দরে সেচ কাজে এখনও ব্যবহার হচ্ছে সেঁউতি ও ডোঙা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

মোরশেদ-উল-আলম, চিরিরবন্দর (দিনাজপুর) :

Manual2 Ad Code

বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতায় আধুনিকায়নের ফলে যন্ত্র সভ্যতার যাঁতাকলে ক্রমেই হারিয়ে যাচ্ছে প্রাচীন কৃষিযন্ত্র সেঁউতি ও ডোঙা। এক সময় গ্রাম বাংলার কৃষিতে সেচযন্ত্র হিসেবে টিন বা বাঁশের তৈরি সেঁউতি ও ডোঙার ব্যাপক চাহিদা ছিলো। টিন বা বাঁশের চাটাই দিয়ে তৈরি ডোঙা দিয়ে খাল বা নিচু জমি হতে উপরে পানি সেচ সিঞ্চন করতো (স্থানীয় নাম জাত)। আধুনিক কৃষি যন্ত্রপাতি আবিস্কারের ফলে দিনদিন হারিয়ে যেতে বসেছে কাঠের দোন ও টিনের সেঁউতিসহ অন্যান্য চিরচেনা কৃষি উপকরণ। কৃষকরা আদিকাল থেকেই চিন্তা চেতনার ফসল হিসেবে আবিস্কার করেছিল এ সেঁউতি ও ডোঙা। এরই ধারাবাহিকতায় এখনও দিনাজপুরের চিরিরবন্দরে নদী থেকে জমিতে সেচ সুবিধা দিতে সেঁউতি ও ডোঙার ব্যবহার হচ্ছে। এতে করে কৃষকরা আর্থিকভাবে সাশ্রয় পাচ্ছেন। ইছামতি, কাঁকড়া, ভেলামতি, আত্রাই, বেলান নদী এ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে। এ উপজেলার অনেক মানুষ আধুনিক যুগে শ্যালোমেশিনের মাধ্যমে ফসল ফলাচ্ছে। উপজেলার নশরতপুর ও সাতনালা ইউনিয়নে সেঁউতি ও ডোঙার মাধ্যমে ইরি-বোরোক্ষেতে পানি সেচ দিতে দেখা গেছে।
সাতনালা ইউনিয়নের খামার সাতনালা গ্রামের হেদলাপাড়ার কৃষক ইসমাইল হোসেন (৬৪) জানান, ডোঙা দিয়ে পানি সেচ কায়িক পরিশ্রম হলেও সেচের মাধ্যমে কাউকে ফসলের ভাগ দিতে হয় না। জমিতে যে ফসল ফলে তাই ঘরে ওঠে।
কৃষক আমিরউদ্দিন (৬০) জানান, হামরা বাপ-দাদার ঘরক দোন ও সেঁউতি দিয়া সেচকাম করির দ্যাখিছি। হামরা গরীব মানুষ। মেশিন কিনিমো কীভাবে। তাই জাত দিয়া নদী থাকি পানি তুলি জমিত দিয়া ফসল ফলাই। এখন আধুনিক অনেক যন্ত্রপাতি আসায় এগুলোর ব্যবহার আর তেমন হয় না।
ইছামতি ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আতাউর রহমান জানান, আমি ছোট বেলায় দেখেছিলাম কৃষকরা দোন বা ডোঙা আর সেঁউতি দিয়ে খাল হতে পানি উত্তোলন করে তারা তাদের জমিতে দিতো। এখন আর আগের মতো এসব চোখে পড়ে না। তবে এখনও গ্রামাঞ্চলের কৃষকদের দোন ও সেঁউতি দিয়ে পানি উত্তোলন দেখতে পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্তকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, নদী-পুকুরে পর্যাপ্ত পানি না থাকায় দোন/ডোঙা আর সেঁউতির ব্যবহার আর আগের মতো চোখে পড়ে না। তবে যে জায়গাগুলোতে সেচ পাম্প অপ্রতুল সে জায়গাগুলোতে এখনও দোন ও সেঁউতির ব্যবহার দেখা যায়। ডোঙা দিয়ে ভূ-উপরিস্থ পানি সেচ দেয়ার সুবিধা পাওয়া যায়। এতে সেচ খরচ কম লাগে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code