সড়কের গুণগত মান বজায় রাখতে সবাইকে দায়িত্ব পালনে সজাগ থাকতে হবে

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

জালাল উদ্দিন, রংপুর ॥
দেশে চলমান উন্নয়ন কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সড়কের গুণগত মান বজায় রাখতে সবাইকে দায়িত্ব পালনে সজাগ থাকতে হবে। নিম্নমানের কাজ যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে।
সোমবার দুপুরে সড়ক ও জনপথ অধিদফতরের রংপুর জোনের চলমান বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। রংপুর সড়ক জনপথ ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সিংয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা থেকে যুক্ত ছিলেন।
দেশে চলমান লকডাউন ঈদের আগেই শিথিল করা হতে পারে। তিনি বলেন, করোনার দ্বিতীয় তরঙ্গ চলছে। দ্বিতীয় তরঙ্গ মোকাবিলায় সারাদেশে লকডাউন চলছে। এই লকডাউন এক সপ্তাহ শেষ হতে চলছে। বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞদের পরামর্শ লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর ব্যাপারে সরকার সক্রিয় চিন্তা-ভাবনা করছেন। তবে ঈদের আগে লকডাউন শিথিল করা হবে।
তিনি আরও বলেন, ঈদের আগে লকডাউন শিথিল করা হবে জীবন ও জীবিকার এবং ঈদ পূর্ববর্তী কেনাকাটার জন্য। মানুষের ঈদের সময় ঘরমুখী যাতায়াতের জন্য লকডাউন শিথিল হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এই চিন্তা ভাবনা করছেন। সবাইকে ধৈর্য্য ধরতে হবে, করোনা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটা কেউ জানে না। মন্ত্রী আরও বলেন, করোনার কারণে খেটে খাওয়া মানুষ, তারা কষ্ট পাচ্ছেন। প্রধানমন্ত্রী পরিবহন শ্রমিকসহ বেকার কর্মহীন শ্রমিকদের ব্যাপারে আর্থিক সহযোগিতা দেওয়ার চিন্তা-ভাবনা করছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন। ভাসমান মানুষদেরও ত্রাণ দেয়া হবে। জেলা প্রশাসন এসব দেখাশুনা করবে।
ওবায়দুল কাদের বলেন, বর্তমানে করোনা মোকাবিলায় আমাদের আত্মতৃপ্তির কোনো কারণ নেই। যেকোনো সময় এই সংক্রমণ আরও বাড়তে পারে। বিশ্বের বিভিন্ন দেশে দেশে করোনা সংক্রমণের নতুন নতুন ভয়ংকর মাত্রা যুক্ত হচ্ছে।
সড়ক ও জনপদের প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, তা আমাদের মেনে কাজ করতে হবে। রংপুর জোনের চলমান কাজগুলো দ্রুত শেষ করা দরকার। এই জোনের সঙ্গে সংযুক্ত করিডোর, এর সঙ্গে যোগসূত্র রয়েছে সাসেক-১ এবং সাসেক-২। কিন্তু সাসেক-১ এর কাজে অনেক ঢিলেমি হয়ে গেছে। তিনি আরও বলেন, অনেক আগেই প্রধানমন্ত্রী ব্রিজ আন্ডারপাস ফ্লাইওভারসহ অনেকগুলো কাজের উদ্বোধন করেছেন। সেই কাজগুলো শেষ হচ্ছে না। এসব কাজ কেন শেষ হচ্ছে না, এর কারণ খুঁজে বের করতে হবে। যত দ্রুত সম্ভব চলমান কাজগুলো শেষ করা দরকার। সড়কের গুণগত মান বজায় রাখতে সবাইকে দায়িত্ব পালনে সজাগ থাকতে হবে। নিম্নমানের কাজ যেন না হয়, সেটা খেয়াল রাখতে হবে। হুশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, নিম্নমানের কাজ হলে ঠিকাদার, ইঞ্জিনিয়ারসহ সংশ্লিষ্টদের এর দায়িত্ব নিতে হবে। কাউকে ছাড় দেয়া হবে না। জনগণের কষ্টার্জিত অর্থ দিয়ে দেশের উন্নয়ন হচ্ছে। এই উন্নয়ন টেকসই হতে হবে।
ভিডিও কনফারেন্সিংয়ে রংপুুুর সড়ক থেকে যুক্ত ছিলেন নরংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রাশেদুল আলম, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান প্রমুখ। এ সময় সড়ক ও জনপথ অধিদফতরের কর্মকর্তারা ছাড়াও বিআরটিএ এবং বিআরটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code