

ডেস্ক নিউজ, ঢাকা:
করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ বিশ্বের অনেক দেশেই ভয়াবহ আকার ধারণ করেছে। আবার লকডাউন ও কঠোর বিধিনিষেধ জারি করছে বহু দেশ।
করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও থামছে না সংক্রমণ। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেছেন, যেসব অঞ্চলে সূর্যের অতিবেগুনি রশ্মি ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছায় সেসব এলাকায় মৃত্যুহার কম। আর যেখানে অতিবেগুনি রশ্মি কম পৌঁছায় সেখানে মৃত্যুহার বেশি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউ এখবর জানিয়েছে। ২০২০ সালে মহামারি শুরু হওয়ার পর করোনা ঠেকানো সম্পর্কে বিভিন্ন কথা একাধিক গবেষণায় উঠে এসেছে। কয়েকটি গবেষণায় দাবি করা হয়েছিল, ভিটামিন ডি-এর অভাব করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়ায়। তবে এবার ব্রিটিশ গবেষকরা বললেন, ভিটামিন ডি নয়, সূর্যের অতিবেগুনি রশ্মির কারণেই বিভিন্ন অঞ্চলে মৃত্যুহার কম। এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজিতে।