

ডেস্ক নিউজ, ঢাকা: এখন আমরা টেলিযোগাযোগ খাতের যে অগ্রগতি দেখি তার সূচনা হয় ১৯৯৭ সালে। সে সময় মোবাইল অপারেটরের হাত ধরে আমরা ২-জি মোবাইল ফোনের যুগে প্রবেশ করি।’ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার রবিবার (২৯ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনাতয়নে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্যসংঘ দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও স্বাস্থ্যসম্মত বার্ধক্যের জন্য ডিজিটাল প্রযুক্তি প্রতিপাদ্যে এবছর ১৭ মে সারাবিশ্বে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উদযাপিত হয়েছিল।
দিবসটি উদযাপন উপলক্ষে রবিবার (২৯ মে) বিটিআরসি প্রাঙ্গণে আয়োজিত রোড শো’র উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানসহ বিটিআরসি’র ঊধ্বর্তন কর্মকর্তা এবং খাতসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।