

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে আরও হার্ডলাইনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, সেক্ষেত্রে আরও কঠোর হামলা চালাবে মস্কো। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। রাশিয়া-১ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, কিয়েভকে যদি এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হয়, তাহলে এমন লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালানো হবে যেগুলো এখনও আক্রান্ত হয়নি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে উন্নত রকেট সিস্টেম পাঠানোর ঘোষণা দেওয়ার পরই পুতিনের কাছ থেকে এমন মন্তব্য এলো। সাম্প্রতিক এক ঘোষণায় রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে সহায়তায় মার্কিন প্রচেষ্টার অংশ হিসেবেই কিয়েভকে সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্তের কথা জানান বাইডেন। তিনি বলেন, ইউক্রেনে ‘আরও উন্নত রকেট সিস্টেম ও যুদ্ধাস্ত্র’ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন।