

ডেস্ক নিউজ, ঢাকা: জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, সামগ্রিক বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি যৌক্তিক হলেও সরকার জ্বালানি তরল-ডিজেল, কেরোসিন, অকটেন, পেট্রোলের দাম যে মাত্রায় বৃদ্ধি করেছে, তা নিয়ে দেশবাসী উদ্বিগ্ন। সামগ্রিকভাব অর্থনীতি এমনিতেই চাপের মধ্যে আছে। কোভিড-পরবর্তী একটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছিল এবং জনজীবনে মূল্যস্ফীতির বড় ধরনের চাপ রয়েছে। এ অবস্থায় জ্বালানির দাম যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। রবিবার (৭ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রওশন এরশাদ এ দাবি জানান। বিবৃতিতে বিরোধী দলীয় নেতা আরও বলেন, ‘জ্বালানির দাম বৃদ্ধির ফলে ভোগ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আরেক দফা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে জনদুর্ভোগ বেড়ে যাবে। অর্থনৈতিক উন্নয়নের গতিধারা নিরবচ্ছিন্ন রাখতে তেল-গ্যাসসহ সব ধরনের জ্বালানি সহনীয় পর্যায়ে রাখা জরুরি।’