

ডেস্ক নিউজ, ঢাকা: অফফর্ম ও স্ট্রাইকরেট নিয়ে সমালোচনায় জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন নাঈম শেখ। এই ওপেনারের ফিরতেও সময় লাগলো না। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি করে জাতীয় দলে ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি দুবাইতে এশিয়া কাপের দলের সঙ্গে যোগ দেবেন। বাংলাদেশ দল মঙ্গলবার বিকাল ৫টা ১৫ মিনিটে ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হবে। মূলত ওপেনার সংকট এবং দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও এনামুল হক বিজয়ের ফর্মহীনতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট। তাদের ওপরেও ভরসা রাখা যাচ্ছে না। এছাড়া নুরুল হাসান সোহানও ইনজুরিতে ছিটকে গেছেন। আশা করা হচ্ছিল, আরব আমিরাতে রওনা হওয়ার আগে সুসংবাদ পাবেন এই উইকেট কিপার ব্যাটার। কিন্তু পেলেন দুঃসংবাদ। সবকিছু মিলিয়ে দলে ব্যাটিং শক্তি কমে যাওয়াতে নাঈম শেখকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করতে বাধ্য হয়েছে নির্বাচক প্যানেল।