

ডেস্ক নিউজ: এতদিন বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে যে রেটে ডলার বিক্রি করতো, সেই রেটকে আন্তব্যাংক মূল্য বলা হতো। এখন থেকে এই সিস্টেম তুলে দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এক বাণিজ্যিক ব্যাংক আরেক বাণিজ্যিক ব্যাংকের কাছে যে রেটে ডলার বিক্রি করবে তাকেই আন্তব্যাংক রেট বলা হবে। এর ফলে হঠাৎ করে ডলারের আন্তব্যাংক মূল্য দাঁড়ালো ১০৬ টাকা। রবিবার (১১ সেপ্টেম্বর) আন্তব্যাংক মূল্য ৯৫ টাকা ছিল। পরদিন সোমবার(১২ সেপ্টেম্বর) এক টাকা বাড়ানোর কারণে ওই দিন ডলারের আন্তব্যাংক মূল্য ছিল ৯৬ টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আন্তব্যাংক লেনদেনে ডলারের বিক্রয়মূল্য ছিল ১০৬ টাকা ১৫ পয়সা। আর আন্তব্যাংক লেনদেনে ডলারের ক্রয়মূল্য ধরা হয়েছে ১০১ টাকা ৬৭ পয়সা। এটি কেন্দ্রীয় ব্যাংকের দর নয়, ব্যাংকগুলোর নিজেদের মধ্যে লেনদেন করা ডলারের দাম এটি। যদিও এতদিন সেই দামই ওয়েবসাইটে প্রকাশ করে আসছিল বাংলাদেশ ব্যাংক। কিন্তু আজ হঠাৎ করে এই দামে পরিবর্তন আনে কেন্দ্রীয় ব্যাংক। গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে ডলারের বিক্রয়মূল্য দেখানো হয়েছিল ৯৫ টাকা।