

বিশেষ প্রতিবেদন: সমুদ্রগামী জাহাজের নাবিকদের উন্নতমানের সাময়িক আবাসন সুবিধা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য চট্টগ্রাম জেলার সল্টগোলা এলাকায় নির্মিত হবে সীম্যান্স হোস্টেল কমপ্লেক্স। নৌ পরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সমুদ্রগামী জাহাজের নাবিকদের উন্নতমানের সাময়িক আবাসন সুবিধা নিশ্চিত করতে সরকারের নিজস্ব অর্থায়নে ৫৯ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ‘সীম্যান্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণ’ প্রকল্প গ্রহণ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়। নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদফতর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৪ সালের ৩০ জুন মেয়াদে প্রকল্পটি শতভাগ বাস্তবায়িত হবে বলে লক্ষ্য নির্ধারণ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়।
সূত্র জানিয়েছে, মূলত চট্টগ্রাম বন্দরে আগত বিদেশি নাবিকদের সাময়িক আবাসন ও বিনোদন সুবিধা দিতেই প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু আবাসন সুবিধাই নয়, দেশি-বিদেশি নাবিকদের চিত্ত বিনোদন, লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, সাইবার ক্যাফে, জিমনেশিয়াম, এমিউজমেন্ট কর্নার ও অন্যান্য সুবিধাও দেওয়া হবে। একইসঙ্গে বাংলাদেশ মার্চেন্ট শিপিং অধ্যাদেশ-১৯৮৩ এর ১২ ধারার বিধান বাস্তবায়ন, সরকার কর্তৃক অনুসমর্থিত মেরিটাইম লেবার কনভেনশনের রেগুলেশন অনুযায়ী নাবিকদের কল্যাণ সুবিধা নিশ্চিতকরণ, আন্তর্জাতিক শ্রম সংস্থা’র সুপারিশ বাস্তবায়ন সহজতর করা, আন্তর্জাতিক নৌ অঙ্গনে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা, নাবিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা ও প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নততর করা এবং প্রাতিষ্ঠানিক উৎপাদনশীলতা বাড়ানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।