

ডেস্ক নিউজ: স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বাড়বে। ব্যবসা-বাণিজ্যে নতুন নতুন পথ উন্মুক্ত হবে, বাড়বে বিদেশি বিনিয়োগও। তবে এসব সম্ভাবনার পাশাপাশি বেশকিছু চ্যালেঞ্জও অপেক্ষা করছে বেসরকারি খাতের জন্য। যা মোকাবিলায় বেসরকারি খাতকে এখনই প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন।
আজ বুধবার রাজধানীর রাওয়া কনভেনশন হলে এফবিসিসিআই’র বার্ষিক সাধারণ সভায় এই আহ্বান জানান মো. জসিম উদ্দিন। করোনা সংক্রমণজনিত কারণে ২০২০-২১ সেশনের বার্ষিক সাধারণ সভা নির্ধারিত সময়ে আয়োজন করা সম্ভব হয়নি। ফলে বুধবার একই ভেন্যুতে পৃথকভাবে ২০২০-২১ এবং ২০২১-২২ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এফবিসিসিআই সভাপতি বলেন, “স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ফলে অন্যতম রফতানি গন্তব্য ইউরোপসহ বেশকিছু বাজারে বিশেষ বাণিজ্য সুবিধা হারাবে বাংলাদেশ। পণ্যের মূল্য ও মানের দিক থেকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সম্মুখীন হতে হবে বেসরকারি খাতকে।’ এজন্য গবেষণা, উদ্ভাবন এবং পণ্য বৈচিত্র্যকরণে জোর দেওয়ার পক্ষে মত দেন তিনি।