

ডেস্ক নিউজ: দাম বাড়ার পরেও অনেক দেশের তুলনায় বাংলাদেশে বিদ্যুতের দাম কম বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বৃহস্পতিবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় দেশে মূল্যস্ফীতি ও বিদ্যুতের মূল্য ৫ শতাংশ বৃদ্ধি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক সংবাদ সম্মেলনের পরিপ্রেক্ষিতে বক্তব্য দেন তথ্যমন্ত্রী।
বিশ্বের অন্যান্য দেশের কথা উল্লেখ করে ড. হাছান বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধি যুক্তরাজ্যে অনেক আগেই ১০০ শতাংশ ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও এই মূল্যবৃদ্ধি ২০ থেকে ১০০ শতাংশ। যেমন, জার্মানিতে ২১ শতাংশ আবার বেলজিয়ামে ৯৫ শতাংশ। সেই তুলনায় আমাদের দেশে বিদ্যুতের মূল্যবৃদ্ধি অনেক কম। সাম্প্রতিক সময়ে ৫ শতাংশ হারে দুইবার বাড়ানো হয়েছে।’
সম্প্রচারমন্ত্রী বলেন, ‘বিদ্যুতের ইউনিট মূল্য বাংলাদেশে ৭ টাকা ৩২ পয়সা, ভারতের দিল্লিতে ১১ টাকা ১৫ পয়সা, মহারাষ্ট্রে ১১ টাকা ৩৩ পয়সা, পাঞ্জাবে ৮ টাকা ৬৩ পয়সা। যুক্তরাষ্ট্রে ১৮ টাকা ৩১ পয়সা, জার্মানিতে ৪১ টাকা ৯৩ পয়সা, বেলজিয়ামে ৪৬ টাকা ৪৬ পয়সা, জাপানে ২৫ টাকা ৭৪ পয়সা। জাপানসহ অন্য দেশের কথা বাদ দিলাম, ভারতের তুলনায়ও আমাদের বিদ্যুতের মূল্য কম।