

ডেস্ক নিউজ: রহমত, মাগফিরাত ও নাজাতে ভরপুর মাস রমজান। মুমিনরা এ মাসকে সাদরে গ্রহণ করতে অধীর আগ্রহে থাকেন। প্রথম দিন থেকেই শুরু করেন যাবতীয় নেক কাজ এবং বিরত থাকেন পাপ থেকে। তাই পরিশ্রমী এসব মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ তায়ালা পবিত্র রমজান মাসে নেক কাজে বিশেষ সুবিধা দিয়েছেন। মুমিন-মুত্তাকিরা কখনও তা ছাড়তে পারেন না। শত কষ্টের পরও দীর্ঘ এক মাস পানাহার থেকে সংযমী হয়ে রোজা রাখতে মোটেও দ্বিধা করেন না। আর তা করেন মহান প্রভুর সন্তুষ্টি পেতে। সে জন্যই এসব বান্দাদের পুরস্কৃত করবেন স্বয়ং আল্লাহ নিজেই। যার প্রমাণ পাওয়া যায় হাদিসে।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত— রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন— সাওম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য। কিন্তু সিয়াম আমার জন্য। তাই আমি নিজে এর প্রতিদান দেবো। সিয়াম ঢাল স্বরূপ। তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে। যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার। যার হাতে আমার প্রাণ, তার শপথ! অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিশকের চেয়েও সুগন্ধি। রোজাদারের জন্য রয়েছে দু’টি খুশি; যা তাকে খুশি করে। যখন সে ইফতার করে, সে খুশি হয় এবং যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সাওমের বিনিময়ে আনন্দিত হবে।’ (সহিহ বোখারি, হাদিস : ১৯০৪)