

লন্ডন প্রতিনিধি: ইতালির ভেনিসের বিখ্যাত গ্র্যান্ড ক্যানেলের পানি হঠাৎ করেই সবুজ হয়ে গেছে। পানি সবুজ হয়ে যাওয়ার কারণে আতঙ্কের সৃষ্টি হলেও উদ্ধার হয়েছে এর রহস্য। ফ্লুরেজিন নামক এক ধরনের রঞ্জক ফ্লোরোসেন্ট পদার্থের জন্য এমন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পরিবেশ সংস্থা আরপাভ।
এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, ‘পানির নমুনা পরীক্ষা করে সেখানে ফ্লুরেজিনের উপস্থিতি পাওয়া যায়। নমুনায় কোনও বিষাক্ত উপাদান পাওয়া যায়নি।’
তবে কীভাবে গ্র্যান্ড ক্যানেলের পানিতে পদার্থটি এলো তা নিয়ে কিছু জানায়নি সংস্থাটি। বর্জ্য পানি পরীক্ষা করতে সাধারণত ফ্লুরেজিন ব্যবহৃত হয়ে থাকে। পদার্থটি ক্ষতিকর বা বিষাক্ত নয়।
রবিবার স্থানীয়রা দেখেন, গ্র্যান্ড ক্যানেলের পানি উজ্জ্বল সবুজ বর্ণ ধারণ করেছে। এর পরপরই আতঙ্কিত হয়ে বিষয়টি তদন্ত করতে পুলিশকে খবর দেন তারা। স্থানীয় এক দৈনিক সংবাদপত্র থেকে জানা গেছে, বিষয়টি নিয়ে আতঙ্কের কারণে পরিবেশবাদীরা আন্দোলনের পরিকল্পনাও করে ফেলেছিল।
তবে মজার বিষয় হলো, গ্র্যান্ড ক্যানেলের সবুজ হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ১৯৬৮ সালে, ভেনিস বিয়েনাল নামক চিত্রপ্রদর্শনীর সময় পরিবেশগত সচেতনতা প্রচারের জন্য গ্র্যান্ড ক্যানেলের জলকে ফ্লোরোসেন্ট রঞ্জক দিয়ে রঞ্জিত করেছিলেন আর্জেন্টাইন শিল্পী নিকোলাস গার্সিয়া উরিবুরু।