

ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সিলেট সিটি নির্বাচনের ভোটকেন্দ্রগুলো থাকবে সিসি ক্যামেরার আওতায়। কেউ কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পাবে না। কেউ যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারেন, তাহলে চিৎকার দেবেন। আমরা সিসি ক্যামেরায় তা দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবো।’
শনিবার (১০ জুন) দুপুরে সিলেট নগরের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
ইভিএম নিয়ে নানা প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ইভিএম নিয়ে অনেকে অনেক কথাই বলেন। এর পরীক্ষা-নিরীক্ষা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইভিএমের ভেতরে জিন-ভূত থাকে অনেকে বলেছেন। কিন্তু আমরা এরকম কোনও কিছু পাইনি। যদি কেউ প্রমাণ দিতে পারেন তাহলে আমি নিজে এর দায়ভার নেবো। তাই আপনারা সময় মতো কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনও বিলম্ব করবেন না।’
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল করা হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘আপনারা এমন কিছু করবেন না, যাতে প্রার্থিতা বাতিল হয়ে যায়। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেবো।’