

সম্পাদকীয়: দীর্ঘদিন পর রাজধানীতে বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কর্মসূচিকেন্দ্রিক সহাবস্থান দেখেছে দেশবাসী। যদিও একই দিনে বিরোধীদের সমাবেশের ঘোষণায় ক্ষমতাসীন দলের পালটা কর্মসূচির চর্চাও দেখতে পাওয়া যাচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপিকে দীর্ঘদিন পর পূর্ণ শক্তি নিয়ে রাজপথে নামতে দেখা যাচ্ছে। একইভাবে আওয়ামী লীগও বড় জনসমাবেশ ঘটিয়ে শক্তি দেখাতে চাচ্ছে। সম্প্রতি সরকার পতন আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রাজপথে বিএনপির কর্মসূচি ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগও পালটা কর্মসূচির ঘোষণা দেয়।
দুই পক্ষের কর্মসূচির প্রভাব পড়ে নগরীর ব্যস্ত সড়কগুলোয়। স্বাভাবিক দিনগুলোতেই যানজটের কারণে নগরবাসীকে চলাচলে অনেক সমস্যায় পড়তে হয়। তার ওপর সড়কনির্ভর রাজনৈতিক কর্মসূচি দেওয়ার ফলে সারাদিনের জন্য নগরী কার্যত অচল হয়ে পড়ে। এখন প্রায়ই এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হচ্ছে রাজধানীতে।
বলার অপেক্ষা রাখে না, সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। তবে জনগণের কথাও তাদের মাথায় রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর বর্তমান কর্মসূচিতে দেখা যাচ্ছে, রাজধানীর রাজপথগুলোয় প্রচণ্ড যানজটের সৃষ্টি হচ্ছে। মনে রাখতে হবে, জনদুর্ভোগ তৈরি হলে তা রাজনৈতিক দলগুলোর জনসমর্থনে বিরূপ প্রভাব ফেলতে পারে। আমরা দেখেছি বিএনপির পদযাত্রা এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশের কারণে রাজধানীবাসী কতটা দুর্ভোগের শিকার হয়েছিল। অতি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষ পড়েছিল চরম বিপাকে। অফিসগামী কিংবা দূরযাত্রার উদ্দেশে যারা ঘর থেকে বের হয়েছিলেন, তারা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। পরিবহণ সংকটের কারণে অনেককে গুনতে হয়েছে বাড়তি ভাড়া, অনেকে আবার হেঁটেই গন্তব্যে গেছেন। তীব্র যানজটে অ্যাম্বুলেন্সে থাকা রোগীদের দীর্ঘসময় রাস্তায় আটকে থাকতে হয়েছে।