

নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে জোর করে নিউইয়র্কে পাঠানো ভাসমান অভিবাসীদের জন্য আপাতত থাকার বন্দোবস্ত করছে সিটি কর্তৃপক্ষ। বিশেষ করে টেক্সাসসহ অন্য অঙ্গরাজ্য থেকে নিউইয়র্কে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু করেছে নিউইয়র্ক সিটি। র্যান্ডালস আইল্যান্ডের এই আশ্রয়কেন্দ্রে সাময়িকভাবে ৫০০ জন পুরুষ থাকতে পারবেন।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে অভিবাসন প্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয় কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোনের সুবিধা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম জানান, যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক সংকটের সময় মানবিক সহায়তা প্রদানের রোল মডেল।