

ইন্টারন্যাশনাল ডেস্ক: গোটা দুনিয়ার নজর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হতে যাওয়া উদীয়মান অর্থনীতির দেশগুলোর অর্থনৈতিক জোট ব্রিকস সম্মেলনের দিকে। নানা কারণে আলোচিত-সমালোচিত পাঁচ জাতির জোটের ১৫তম সম্মেলনের পর্দা উঠছে আজ। ২২ থেকে ২৪ আগস্ট সম্মেলনকে কেন্দ্র করে ভারত, চীন, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতারা ইতোমধ্যে জড়ো হয়েছেন। তবে ইউক্রেনে যুদ্ধাপরাধের দায়ে পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় অংশ নিচ্ছেন না। তবে অনেক দেশের সরকারপ্রধান থাকছেন এবারের সম্মেলনে।
এবারের ব্রিকস সম্মেলন অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। তার উল্লেখযোগ্য কারণ নতুন সদস্য পদ বাড়ানো। ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ অর্থনৈতিক জোটটিতে যোগ দিতে আগ্রহ দেখিয়েছে। অনেকে লবিংও শুরু করেছে। নতুন সদস্য সংগ্রহ এবং কোন কোন দেশ যোগ্য বলে বিবেচিত হবে– এ নিয়ে আগ্রহ সবার।
বিভিন্ন সূত্র বলছে, ব্রিকসভুক্ত দেশগুলোতে এখনও বিশ্বের এক-চতুর্থাংশ সম্পদ রয়েছে। পাশাপাশি বৈশ্বিক জিডিপি’র এক-তৃতীয়াংশ এখনও ব্রিকস দেশগুলোর। একদিকে শক্তিধর দেশগুলোর সঙ্গে থাকা, অন্যদিকে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া জোটে অন্তর্ভুক্তের বড় একটা কারণ।