

অনলাইন ডেস্ক:
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝালকাঠী-২ (সদর-নলছিটি) আসনে নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় ইসি দপ্তরে তাকে সশরীরে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে আজ শনিবার আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়। আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি
শোকজপত্রে উল্লেখ করা হয়েছে, গত শুক্রবার ছিল ঝালকাঠী জেলা পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে শুক্রবার সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেলে ঝালকাঠী পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। দুটি কর্মসূচিতে আমু বক্তৃতায় নৌকায় ভোট চেয়েছেন।
শোকজপত্রে আরও উল্লেখ করা হয়, ঝালকাঠী জেলা রিটার্নিং কর্মকর্তা উল্লেখিত দুটি কর্মসূচিতে আমুকে অংশগ্রহণ করতে নিষেধ করে জানিয়েছিলেন, আমুর অংশগ্রহণে জনসমাগম বৃদ্ধি পেয়ে আলোচনা সভা জনসভায় পরিণত হবে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার বারণ শোনেনি এমপি আমু।
এমতাবস্থায় ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণার নিষেধাজ্ঞা অমান্য করায় প্রার্থিতা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে ঝালকাঠীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম জানান, আমির হোসেন আমুকে ইসির শোকজ করার বিষয়টি শুনেছেন। তবে এ সংক্রান্ত দাপ্তরিক চিঠি শনিবার বিকেল পর্যন্ত তিনি পাননি।
bnusbd/আরএন