

ডেস্ক রিপোর্ট: যে চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে সময় পেছালো শতাধিকবার, সেই আলোকে কোনও সিনেমা তৈরি হলে তার পরিণতি কী হবে; এটুকু আগাম অনুমান করাই যাচ্ছিল। অবশেষে মুক্তির ২৯ ফেব্রুয়ারি দুদিন আগে মঙ্গলবার সন্ধ্যায় অভিনেত্রী তানজিকা আমিনসহ সংশ্লিষ্টরা জানালেন, তাদের সিনেমাটি অনিবার্য কারণবশত যথা তারিখে মুক্তি দিতে পারছেন না! এর জন্য দুঃখ প্রকাশও করেছেন সবার প্রতি। ‘অমীমাংসিত’ নামের এই ওয়েব সিনেমাটি নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। একটি সত্য ঘটনার আলোকে এটি নির্মাণ করলেও নির্মাতা পক্ষ বিষয়টি মুখে প্রকাশ করছেন না। তবে এর মধ্যে প্রকাশিত টিজার ও পোস্টারে সেই না বলা কথাটি স্পষ্ট।