

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণে ১৮৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
নিউজ ডেস্ক: বুধবার (৮ মে) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের জানান, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের আধুনিকায়ন ও সম্প্রসারণ (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের একটি প্যাকেজের (নং-ডব্লিউপি-এইচইডি-বিসিপিএস-১) আওতায় ৩টি বেইজমেন্টসহ ১ হাজার ৫০০ আসন বিশিষ্ট অডিটরিয়াম ও ১২ তলা বিশিষ্ট মাল্টিপারপাস ভবনের পূর্ত, অভ্যন্তরীণ স্যানিটারি, বৈদ্যুতিক এবং বহিঃবৈদ্যুতিক কাজের ক্রয় প্রস্তাব অনুমোন দেওয়া হয়েছে।
এ বিষয়ে সচিব মো. মাহমুদুল হোসাইন খান বলেন, এ ক্ষেত্রে মোট ব্যয় হবে ১৮৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৬৫৬ টাকা। ময়মনসিংহের এইচএসএল-এমএসই (জেভি)-এই কাজ পেয়েছে। মন্ত্রিসভা কমিটিতে এই প্রস্তাটি নিয়ে আসে স্বাস্থ্য মন্ত্রণালয়।