

ডেস্ক রিপোর্ট:
ভারী বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু এখনও দেশের ছয় নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। বন্যা কবলিত আরইবি’র ১১টি পল্লী বিদ্যুৎ সমিতি এবং পিডিবির ৫টি বিদ্যুৎ অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুই বিতরণ কোম্পানির মোট ১৮টি উপকেন্দ্র বন্ধ আছে, যা শুক্রবার ছিল ২২টি। শনিবারের হিসাবে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে আরইবির প্রায় ৯ লাখ ২৪ হাজার ২৬৬ জন গ্রাহক, যা শুক্রবার ছিল প্রায় ১১ লাখ। এদিকে পিডিবির অধীনে প্রায় ৯৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিল, আজ শনিবার তা ৪৩ হাজারে নেমে এসছে। বর্তমানে সব মিলিয়ে ৯ লাখ ৬৭ হাজার ২৬৬ গ্রাহক এখনও বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। শুক্রবার প্রায় ১২ লাখ গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন।
এদিকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে সরবরাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় বিদ্যুৎপোল, ট্রান্সফরমার ইত্যাদি সংরক্ষণ করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (আরইবি) জানায়, বন্যায় তাদের অধীন ১১টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের হিসাবে জানা যায়, দেশের ৯ লাখ ২৪ হাজার ৯৬ জন গ্রাহক এখনও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর মধ্যে চাঁদপুরে ১-এ শুক্রবার বিদ্যুৎহীন ছিল ৫ হাজার ৩৫০ জন, আজ তা কমে ৫০০ জন, নোয়াখালীতে শুক্রবার বিদ্যুৎহীন ছিল ২ লাখ ৫৫ হাজার ৭০০ জন, আজ ২ লাখ ১৮ হাজার ৫০০, ফেনীতে ছিল ৪ লাখ ৪১ হাজার ৫৪৬ জন, আজ ৪ লাখ ৪১ হাজার ৫৪৬, লক্ষ্মীপুরে ছিল ২০ হাজার জন, আজ তা বেড়ে হয়েছে ২৫ হাজার, কুমিল্লা ২-এ শুক্রবার বিদ্যুৎহীন ছিল ৭৫ হাজার জন, আজ তা বেড়ে ১ লাখ ৩২ হাজার ৮০ জন, কুমিল্লা ৪-এ বিদ্যুৎহীন ছিল ১ লাখ ৯০ হাজার জন, আজ ২০ হাজার, চট্টগ্রাম ১-এ বিদ্যুৎহীন ছিল ২ হাজার জন, আজ সেখানে সবাই বিদ্যুৎ পেয়েছে।
News: S