সংগ্রাম দত্ত
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সাতগাঁও লছনা এলাকা থেকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন একটি লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
বুধবার (২৮ মে) সকালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন কুমার দেব সজল এর নেতৃত্বে একটি টিম শ্রীমঙ্গল থানার সাতগাঁওয়ের লছনা এলাকা থেকে একটি লজ্জাবতী বানরকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।
জানা গেছে, মঙ্গলবার (২৭ মে) রাত আনুমানিক ১টার সময় হঠাৎ ঐ এলাকায় কুকুরের তীব্র ডাক শুরু হয়। কুকুরের এমন অস্বাভাবিক আচরণে এলাকাবাসীর মনে গরু চুরির আশঙ্কা দেখা দেয়। ফলে সকলে সজাগ হয়ে উঠে এবং ঘর থেকে বের হয়ে আসেন। ঘর থেকে বেরিয়ে তারা দেখতে পান যে একটি অজ্ঞাত প্রাণীকে ঘিরে এক দল কুকুর অস্বাভাবিক ঘেউ ঘেউ করে ও উত্তেজিত আচরণ করতে থাকে। এলাকাবাসী প্রাণীটিকে আটক করার চেষ্টা করলে সে সময় বেশ কয়েকজন প্রাণীটির আক্রমণ (কামড়) এর শিকার হন । পরবর্তীতে বিষয়টি স্থানীয়রা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন কর্তৃপক্ষকে জানালে রাত গভীর হওয়ায় তখন ফাউন্ডেশনের পক্ষ থেকে ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। পরদিন বুধবার বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-এর পরিচালক স্বপন দেব সজল ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে দেখে নিশ্চিত করেন এটি একটি লজ্জাবতী বানর (Slow Loris)। এরপর তিনি বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
পরবর্তীতে লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বনবিভাগের রেঞ্জ কার্যালয়ের রেঞ্জ কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি সিলেট বিভাগের বিভিন্ন বনাঞ্চলের বিশাল এলাকা একশ্রেণীর প্রভাবশালী গোষ্ঠী সঙ্ঘবদ্ধভাবে বনে ঢুকে বনজ সম্পদ উজার, আনারস, লেবু, চা বাগান ও অবৈধভাবে রিসোর্ট তৈরি করার কারণে বন্য পশুপাখির খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যপ্রাণীগুলো লোকালয়ে চলে আসছে। অনেক সময় সড়কে গাড়ির নিচে চাপা পড়ে মারা যাচ্ছে। স্থানীয় লোকজনের হাতে ধরা পড়ছে। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন ও আরো অন্যান্য রেসকিউ টিম শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও শায়েস্তাগঞ্জ এলাকা থেকে অসংখ্য বন্য পশুপাখি উদ্ধার করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে। ডেস্ক বিজে
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।