কানাডায় মাত্র ১ ডলারে ইসলামী জানাজার খরচ: অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগ – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৮:১২, ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ



 

কানাডায় মাত্র ১ ডলারে ইসলামী জানাজার খরচ: অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগ

newsuk
প্রকাশিত আগস্ট ২০, ২০২৫
কানাডায় মাত্র ১ ডলারে ইসলামী জানাজার খরচ: অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের উদ্যোগ

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : টরন্টোর অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশন (OMA) সম্প্রতি একটি ব্যতিক্রমধর্মী ও মানবিক উদ্যোগ হাতে নিয়েছে, যা কানাডায় মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। গত ২৭ জুলাই, ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে চালু হওয়া ‘১ ডলারের ফিউনারেল সাপোর্ট প্রোগ্রাম’ মূলতই দাফন-কাফনের ব্যয়ভার কমানোর লক্ষ্যে সংগঠিত। এই উদ্যোগের মাধ্যমে সদস্যরা খুবই কম খরচে সম্মানজনক ইসলামিক জানাজার সুবিধা পাবেন, যা অনেক পরিবারে আর্থিক সংকটের কারণে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব মুরছালিন আহমদের সভাপতিত্বে ও ট্রেজারার মাছুমুর রহমান বাপ্পির উপস্থাপনায় উত্তর আমেরিকার খ্যাতনামা হাফেজ ক্বারী মারুফ হোসেনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচনা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিসার্চ সেন্টার অব কানাডার সম্মানিত সভাপতি ইমাম, মুফতি আসলাম উদ্দিন আল-আযহারী, মসজিদুর রহমার ইমাম ইউনুস কাবালী এবং ২৩০ অক মুসল্লার ইমাম মৌলানা রিফকি আজহারী। এছাড়াও স্বাগত বক্তব্য রাখেন সাব্বির আহমদ শাহিন এবং সাংবাদিক গোলাম সাদাত জুয়েল। অনুষ্ঠানটি অন্টারিও মুসলিম কমিউনিটির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল।

Manual3 Ad Code

অনুষ্ঠানে প্রধান আলোচিত বিষয় ছিল কানাডায় মুসলিমদের সম্মানজনক দাফন-কাফনের জন্য প্রচলিত ব্যয়ের অত্যধিকতা। বর্তমানে এক ব্যক্তির দাফন-কাফনে প্রায় ৭,০০০ ডলার পর্যন্ত খরচ হয়, যা অনেক সময় পরিবারের জন্য বহনযোগ্য নয়। এর ফলে দাফনের প্রক্রিয়া বিলম্বিত হয় বা অনেক পরিবার ইসলামিক রীতি অনুযায়ী জানাজার সম্মান দিতে অক্ষম হন। অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের এই নতুন প্রোগ্রামের লক্ষ্য হলো, সদস্যদের সম্মিলিত অর্থায়নে সকল মুসলমানের জন্য অর্থনৈতিকভাবে চাপমুক্ত এবং সম্মানজনক দাফন-কাফনের ব্যবস্থা নিশ্চিত করা। প্রোগ্রামের কাজ করার পদ্ধতি সহজ এবং স্বচ্ছ। সদস্য হতে হলে প্রথমে মাত্র ১ ডলারের বিনিময়ে অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের সদস্য হতে হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট প্রি-অথোরাইজেশনের মাধ্যমে সংযুক্ত করতে হবে। মাসিক কোনো ফি নেই। সদস্যদের মধ্যে কেউ মৃত্যুবরণ করলে, সংশ্লিষ্ট দাফন-কাফনের মোট খরচ সমানভাবে সকল সদস্যদের মাঝে ভাগ করে নেওয়া হবে। এর অর্থ, কেউ না মারা গেলে কোনো অর্থ কাটা হবে না। উদাহরণস্বরূপ, দাফন-কাফনের মোট খরচ যদি ৭,০০০ ডলার হয় এবং সদস্য সংখ্যা ১,০০০ হয়, তাহলে একজন সদস্যকে মাত্র ৭ ডলার দিতে হবে। সদস্য সংখ্যা যত বাড়বে, খরচ জনপ্রতি ততই কমে যাবে; যেমন ১০,০০০ সদস্য হলে জনপ্রতি খরচ দাঁড়াবে মাত্র ৭০ সেন্ট। এই প্রোগ্রামে কানাডার যেকোনো প্রদেশ থেকে সদস্য হওয়া যাবে।

Manual7 Ad Code

অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশন শুধুমাত্র জানাজার খরচ কমানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা মসজিদ নির্মাণ, যুবকদের দীনী শিক্ষা, নতুন অভিবাসীদের সহায়তা এবং অন্যান্য সামাজিক প্রকল্পেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই প্রোগ্রামের মাধ্যমে তারা আবারও প্রমাণ করল যে, কমিউনিটির উন্নয়ন ও সহায়তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মাছুমুর রহমান বাপ্পি, অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশনের ট্রেজারার, সবাইকে অনুরোধ করেছেন যেন এই মহৎ উদ্যোগের খবর কানাডার সকল মুসলিম ভাই ও বোনদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া হয়। কারণ প্রিয়জনের বিদায়ের মুহূর্তে আর্থিক সংকটের ভয় ভুলে সম্মানজনক ইসলামিক জানাজার সুযোগ পাওয়া প্রত্যেক মুসলিমের মৌলিক অধিকার। কানাডায় মুসলিম সমাজের জন্য এই ১ ডলারের ফিউনারেল সাপোর্ট প্রোগ্রাম এক নতুন দিগন্তের সূচনা। এটি অনেক পরিবারকে আর্থিকভাবে বোঝা মুক্ত করবে এবং তাদের প্রিয়জনকে ইসলামের নিয়ম অনুযায়ী যথাযোগ্য সম্মান প্রদানে সহায়তা করবে। এভাবেই অন্টারিও মুসলিম অ্যাসোসিয়েশন সমাজসেবায় নতুন মাত্রা যোগ করেছে, যা প্রশংসনীয় ও অনুসরণীয়।

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code