

ডেস্ক রিপোর্ট : মিশিগানে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ–উদ্দীপনা, পূজার্চনা ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। রোববার (১৭ আগস্ট) আনন্দমুখর পরিবেশে মিশিগানের বিভিন্ন মন্দিরে এ উৎসব পালন করা হয়। হিন্দু পুরাণ ও ইতিহাস অনুযায়ী, প্রায় পাঁচ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরা নগরে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং সজ্জনদের রক্ষায় মানবজাতির কল্যাণে আবির্ভূত হয়েছিলেন মহাবতার শ্রীকৃষ্ণ। সেই শুভলগ্ন স্মরণে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর জন্মাষ্টমী পালন করে আসছেন।
ডেট্রয়েট দুর্গা মন্দিরে দিনব্যাপী ছিল পূজা, আরতি, গীতাপাঠ, উদয়াস্ত কীর্তন, কৃষ্ণের শতনাম কীর্তন, পদাবলী কীর্তন ও ভক্তিমূলক সংগীত পরিবেশনা। সঙ্গীত পরিবেশন করেন প্রদীপ চৌধুরী, শর্মিলা দেব, হারান সেন, নন্দিতা ঘোষ, অজয় আচার্য ও নগেন্দ্র সূত্রধর। সূর্যাস্তের পর দধিভান্ড ভঞ্জনের আয়োজন করা হয়। পরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ওয়ারেন সিটির শিব মন্দিরে ছিল পূজা, দিনব্যাপী কীর্তন, দধিভান্ড ভাঙা ও প্রসাদ বিতরণ। হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ মন্দিরে সদ্য নির্মিত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় পূজা, গীতাপাঠ, কীর্তন, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ারেন সিটির কালী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে পূজা, কীর্তন, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।