ঘোড়াঘাটে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীর উদ্বোধন করলেন সমাজকল্যাণ মন্ত্রী

লেখক: Rumie
প্রকাশ: ২ ঘন্টা আগে

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর, ১২ জুন, ২০২৬ (বাসস) : তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সংস্কৃতির বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আল-মামুন কাওসার শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানের শুরুতে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী ও বিজয়ীদের মধ্যে বিজ্ঞান প্রকল্পের মূল্যায়নের ভিত্তিতে সম্মাননা ও পুরস্কার বিতরণ করেন। ‘মেধা, বিজ্ঞান ও উদ্ভাবনের দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণাধর্মী কাজ এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এ কর্মসূচি এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)-এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ। এর আগে, সন্ধ্যায় মন্ত্রীর উপস্থিতিতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দপ্তর প্রাঙ্গণে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী ও অনগ্রসর জনগোষ্ঠীর ৬০ জন উপকারভোগীর মধ্যে বকনা বাছুরের খাদ্য বিতরণ করা হয়। এছাড়া, উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার, বীজ এবং ভার্মিকম্পোস্ট সার তৈরির উপকরণ বিতরণ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code