

জাহাঙ্গীর আলম চৌধুরী, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতক উপজেলার আসন্ন ৪নং কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে বেশ তৎপর রয়েছেন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী, কারানির্যাতিত সাবেক ছাত্রনেতা, সমাজসেবক ও শিক্ষানুরাগী গোলাম মাহমুদ আজম। কালারুকা ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেওয়া গোলাম মাহমুদ আজম প্রবীণ মুরুব্বী মরহুম মখলীছ আলী তালুকদারের নাতি এবং মরহুম ছদ্রন্নুর মিয়ার সুযোগ্য পুত্র। তাঁর শিক্ষাজীবন শুরু হয় কালারুকা প্রাইমারী স্কুল থেকে পঞ্চম শ্রেণি পাস করার মধ্য দিয়ে। এরপর তিনি কালারুকার হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণি শেষ করে সিলেট দক্ষিণ সুরমা গোপশহর জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এসএসসি পাস করেন। পরবর্তীতে দক্ষিণ সুরমা কমার্স কলেজ (বাণিজ্যিক মহা বিদ্যালয়) থেকে এইচএসসি, এমসি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক ডিগ্রি এবং ঢাকার শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং বাগবাড়ি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। উচ্চশিক্ষার পাশাপাশি তিনি বিভিন্ন ব্যাংকে দীর্ঘ ৭ বছর সুনামের সাথে চাকরি করেছেন। কর্মজীবনের পাশাপাশি তিনি দেশ ও দশের কল্যাণে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি একজন পরীক্ষিত, পরিচ্ছন্ন ও ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথের আন্দোলনে বহুবার হামলা-মামলা ও কারানির্যাতনের শিকার হয়েছেন; যা তাঁর রাজনৈতিক দৃঢ়তা ও সাহসিকতার প্রমাণ দেয়। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় পেশাজীবী দল, সিলেট বিভাগ-এর সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ফ্রান্স-এর আহ্বায়ক এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, কালারুকা-এর সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সিলেট জেলা-র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বও সফলভাবে পালন করেছেন। প্রবাসে থেকেও তিনি দলীয় রাজনীতি এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় ছিলেন।
এলাকাবাসীর উদ্দেশ্যে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মাহমুদ আজম বলেন, “দীর্ঘদিন ধরে প্রবাসে ও দেশের মাটিতে থেকে সবসময় সাধারণ মানুষের অধিকার এবং এলাকার কল্যাণের কথা ভেবেছি। ফ্যাসিবাদী সরকারের জিম্মিদশা ও সব নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলাম, আর আজ জনগণের সেবা করার ব্রত নিয়ে আপনাদের দ্বারে দ্বারে এসেছি। কালারুকা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত এবং জনকল্যাণমুখী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি আজীবন আপনাদের সেবা করে যেতে চাই।
গোলাম মাহমুদ আজমের এমন যুগোপযোগী বক্তব্য ও প্রার্থিতা নিয়ে কালারুকা ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এলাকার মুরুব্বী ও সাধারণ ভোটাররা বলছেন, গোলাম মাহমুদ আজম একজন শিক্ষিত, সৎ, ভদ্র এবং পরোপকারী মানুষ। ছাত্রজীবন থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থেকেছেন। ব্যাংকার ও সফল সংগঠক হিসেবে তাঁর অভিজ্ঞতা ইউনিয়নবাসীর উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে।
তরুণ সমাজ থেকে শুরু করে প্রবীণ মুরুব্বিরা তাঁকে আগামীর কালারুকা ইউনিয়ন পরিষদের কান্ডারি হিসেবে দেখতে চান। সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়ে তিনি কালারুকা ইউনিয়নবাসীর সেবা করতে দৃঢ় প্রতিজ্ঞ।###