শীত মৌসুমের আগে ইউরোপে গ্যাসের মজুত ২০১৩ সালের পর সর্বনিম্ন : আইইএ

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ দিন আগে

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: ২০১৩ সালের পর প্রাকৃতিক গ্যাসের সর্বনিম্ন মজুত নিয়ে শীত মৌসুমে প্রবেশ করছে ইউরোপ। এর ফলে আন্তর্জাতিক গ্যাসবাজারে ২০২৭ সাল পর্যন্ত চাপ অব্যাহত থাকতে পারে বলে মঙ্গলবার সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। আইইএ জানায়, অক্টোবরের শেষ নাগাদ ইউরোপের প্রাকৃতিক গ্যাস সংরক্ষণাগারগুলোর ধারণক্ষমতার ৭৫ শতাংশ পূর্ণ ছিল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্ধারিত ন্যূনতম লক্ষ্যমাত্রা ৮০ শতাংশের চেয়ে এ হার উল্লেখযোগ্যভাবে কম। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটি মজুতের সর্বনিম্ন মাত্রা। এ পরিস্থিতির পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের প্রাকৃতিক গ্যাস তরলীকরণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনের পরিমাণ কমে গেছে। এ ছাড়া ইউরোপের দেশগুলোকে বসন্তে শীতকালীন গ্যাস ব্যবহারের মৌসুম শেষে কমে যাওয়া মজুত আবার পূরণ করতে হচ্ছে। দাম কমার আশায় শুরুতে ক্রেতারা গ্যাসের মজুত বাড়ানোর জন্য কেনাকাটা স্থগিত রেখেছিলেন। পরে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবরে গ্যাস সরবরাহ বাড়ানো হলেও আগের ঘাটতি পূরণের জন্য তা যথেষ্ট ছিল না বলে জানিয়েছে আইইএ।

Manual5 Ad Code

সংস্থার বরাতে প্যারিস থেকে এএফপি জানায়, চলতি মৌসুমে ইউরোপের গ্যাস সংরক্ষণাগারগুলোতে গ্যাস প্রবেশের পরিমাণ গত পাঁচ বছরের গড়ের তুলনায় প্রায় ৪ শতাংশ কম ছিল। ফলে শীতকালে চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছালে তা মেটাতে ইউরোপীয় দেশগুলোকে অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিশ্চিত করার ওপর আরও বেশি নির্ভর করতে হবে। আইইএ সতর্ক করে বলেছে, শীতকাল স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা হলে, গ্যাস নেটওয়ার্কে কারিগরি সমস্যা দেখা দিলে কিংবা সরবরাহে বিঘ্ন ঘটলে ইউরোপের দেশগুলো আরও বেশি ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে, গ্যাস মজুতের লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারলেও শীতকাল সামাল দেওয়ার মতো পর্যাপ্ত গ্যাস থাকবে বলে সোমবার জানিয়েছে জার্মানি। জার্মানির জ্বালানি অবকাঠামো ও বাজার তদারককারী ফেডারেল সংস্থার তথ্য অনুযায়ী, দেশটির গ্যাস সংরক্ষণাগারগুলো গড়ে ৬১ শতাংশ পূর্ণ রয়েছে। ১ নভেম্বরের মধ্যে গ্যাস মজুত ৭০ শতাংশে উন্নীত করার আইনগত লক্ষ্যমাত্রার তুলনায় এ হার কম। গ্যাস মজুত পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এজিএসআইয়ের তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের গড় মজুতের হার প্রায় ৭৫ শতাংশের চেয়েও পিছিয়ে রয়েছে জার্মানি।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code