

উপজেলা ক্যাম্পাসে টিসিবি’র পেঁয়াজ কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড়।
এম আর বাবু, চুয়াডাঙ্গা :
অবশেষে জীবননগর উপজেলায় টিসিবি’র পেঁয়াজ বিক্রি কার্যকম শুরু হয়েছে। মঙ্গলবার হতে এ পেঁয়াজ বিক্রি শুরু হলে শত শত মানুষ পেঁয়াজ কিনতে লাইনে দাঁড়ায়।
প্রাথমিক ভাবে জীবননগর উপজেলা ক্যাম্পাসে ও শহরের নারায়ণপুর মোড়ে ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ২ কেজি হারে এ পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। উপজেলা চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান ও ইউএনও সিরাজুল ইসলাম এ পেঁয়াজ বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন। তুরস্ক থেকে আমদানীকৃত মোটা সাইজের আপেল নামের এ পেঁয়াজ কিনতে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। ক্রেতাদের সামাল থেকে পুলিশকে হিমশিম খেতে হয়। খোলা বাজারে এ পেয়াজ বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজি দরে। দেশী নতুন পেঁয়াজ ১৮০ ও দেশী পুরাতন পেঁয়াজ ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ক্রেতা শহরের কাজীপাড়ার রুহুল আমিন জানান, বাজারে পেঁয়াজসহ কাচা তরিতরকারীর অগ্নিমূল্য। সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সরকার নির্ধারিত মূল্য পেঁয়াজ পেয়ে তিনি আনন্দ খুশি। উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম জানান, প্রতিদিন দুটি ¯পটে ৪ টন করে ৮ টন পেঁয়াজ বিক্রি করা হবে। যতোদিন পেঁয়াজের মূল্য নিয়ন্ত্রিত না হচ্ছে ততোদিন এ পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানান সরকারি কর্মকর্তা।