

আন্তর্জাতিক ডেস্ক:ইরানের সবচেয়ে কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সম্পদ খার্গ দ্বীপে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত এই ছোট্ট ভূখণ্ডটি ইরানের মোট তেল রফতানির ৯০ শতাংশের উৎস। মূলত হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ শিথিল করতে তেহরানকে বাধ্য করতেই ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন বলে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, এবারের বোমাবর্ষণে তিনি তেল স্থাপনাগুলোকে রেহাই দিয়েছেন এবং কেবল সামরিক লক্ষ্যবস্তুতেই আঘাত করা হয়েছে।

তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে তিনি এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন। মার্কিন সামরিক বাহিনীর দাবি, শনিবার তারা মাইন ও মিসাইল স্টোরেজসহ ৯০টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। একটি রানওয়েতে হামলার ভিডিও চিত্রও তারা প্রকাশ করেছে। মঙ্গলবার আবারও হামলা চালানোর বিষয়টি মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।