

ডেস্ক নিউজ: বিবদমান দুই পক্ষই সুন্দরভাবে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমার কাজ শেষ করবেন বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, ‘বিশ্ব ইজতেমায় মিলিতভাবে আমাদের সব নিরাপত্তা বাহিনী ও সামরিক বাহিনী সহযোগিতা করছে। এখানে প্রতিবারই সামরিক বাহিনীর সদস্যরা তুরাগের উপর পন্টুন বিজ নির্মাণ করে থাকে। কাজেই সবারই এখানে দৃষ্টি রয়েছে। আমি মনে করি, এবারও অত্যন্ত সুন্দরভাবে বিশ্ব ইজতেমা সম্পন্ন হবে।’
শুক্রবার (০৬ জানুয়ারি) বিকালে গাজীপুরের টঙ্গীতে ইজতেমা ময়দানে প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত ফলোআপ সভার প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিশ্ব ইজতেমায় দুটি গ্রুপ রয়েছে। একটি জোবায়ের গ্রুপ এবং অন্যটি সা’দ গ্রুপ। করোনা মহামারির আগে দুই পক্ষই দুইবার বিশ্ব ইজতেমা পরিচালনা করেছে। এরই ধারাবাহিকতায় এবার প্রথম পর্ব ১৩-১৫ জানুয়ারি জোবায়ের গ্রুপ এবং দ্বিতীয় পর্যায়ে ২০-২২ জানুয়ারি সা’দ গ্রুপ বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবে।