

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের হয়ে শেষ ৭ ম্যাচে ১২ গোল ক্রিস্টিয়ানো রোনালদোর। এ ছাড়া এস্পানিওলের মাঠে শেষ দুই ম্যাচে তাঁর গোলসংখ্যা ৮! এই রোনালদোকে ছাড়াই কাতালান ক্লাবটির মাঠে নেমে তবে কি ভুল করলেন রিয়াল কোচ জিনেদিন জিদান?
সিদ্ধান্তটা ভুল হয়ে থাকলে এস্পানিওলের মাঠে ৯৩ মিনিটে হারসূচক গোল হজম করে সেই ভুলের মাশুল দিতে হয়েছে জিদানকে। গত তিন ম্যাচের দুটি রিয়াল খেলেছে প্রতিপক্ষের মাঠে। এই দুটিতেই রোনালদোকে ছাড়া মাঠে নেমেছে তারা। জিদান-সমর্থকেরা প্রশ্ন তুলতে পারেন, লেগানেসের মাঠে রিয়াল তো রোনালদোকে ছাড়াই জিতেছে, তাহলে এস্পানিওলের বিপক্ষে রিয়ালের হারের পেছনে রোনালদোর অনুপস্থিতি কতটুকু দায়ী?
দল হারলে সেই দায় আসলে কেউ এড়াতে পারে না। সেটা খেলোয়াড় থেকে দলের সবাই। কিন্তু একটু ভালোমতো খেয়াল করলে রিয়ালের সাম্প্রতিক একটা ‘রোগ’ কিন্তু চোখে ধরা পড়ে—ম্যাচে নির্ধারিত সময়ের পরপর গোল হজমের রোগ। মানে যোগ করা সময়ে গোল হজম করে প্রায়ই হারছে রিয়াল।
পরিসংখ্যান বলছে, ২০১৭ সাল থেকে লা লিগায় এ পর্যন্ত ৯০ মিনিটের পর গোল হজম করে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে রিয়াল। গত বছরের ১৫ জানুয়ারি থেকে হিসাবটা চার ম্যাচের। সেভিয়ার মাঠে গত বছরের ১৫ জানুয়ারি ২-১ গোলে হেরেছিল রিয়াল। সে ম্যাচে যোগ করা সময়ে স্টেভান জোভেটিচের গোলে জিতেছিল সেভিয়া।
গত এপ্রিলে বার্নাব্যুর সেই আগুনে ‘এল ক্লাসিকো’ স্মরণে আছে? নির্ধারিত সময় পর্যন্ত ২-২ গোলে সমতায় ছিল দুই দল। ৯২তম মিনিটে পার্থক্য গড়ে দিয়েছিল লিওনেল মেসির গোল। এরপর গত সেপ্টেম্বরে আবারও ঘরের মাঠে বেটিসের কাছে ৯৪তম মিনিটে গোল হজম করে হারতে হয়েছে রিয়ালকে। সেই ধারাবাহিকতায় শেষ হারটা এল গত রাতে। ৯৩তম মিনিটে এস্পানিওলের জেরার্ড মোরেনোর গোল তিরের মতো বিঁধল জিদানের বুকে!
২০১৬-১৭ মৌসুমে লিগ জয়ের পথে মাত্র ৩ ম্যাচ হেরেছিলেন জিদানের শিষ্যরা। কিন্তু এবারের লিগে ১২ ম্যাচ হাতে রেখেই পঞ্চম হারের মুখ দেখে ফেলেছেন রামোস-বেলরা। লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা আগেই শেষ হয়ে গেছে। জিদানের জন্য এখন বড় দুশ্চিন্তা হলো, তাঁর শিষ্যরা হঠাৎ করেই খেই হারিয়ে ফেলছেন। গোল করতে ভুলে যাচ্ছেন! লিগে এবার ৬ ম্যাচে তাঁর শিষ্যরা গোল পাননি, ২০১০-১১ মৌসুমের পর থেকে এমন নজির এই প্রথম।
পাশাপাশি ৯০ মিনিটের পর রক্ষণভাগের খেই হারিয়ে ফেলার রোগটাও মাথাচাড়া দিয়ে উঠছে। জিদান দ্রুতই এর দাওয়াই বের করতে না পারলে পিএসজির মাঠে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর ফিরতি লেগে ভুগতে হতে পারে মাদ্রিদের ক্লাবটিকে। রিয়ালকে ছিটকে ফেলতে নিজেদের জাল অক্ষত রেখে পিএসজির চাই মাত্র দুটি গোল। জিদানের শিষ্যদের যে অবস্থা, তাতে লক্ষ্যটা কি অসম্ভব কিছু?