

ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডের নতুন সাদা বলের পরামর্শক হিসেবে কাজ শুরুর পর এবার টেস্ট দল নিয়েও কাজ করার আগ্রহ দেখিয়েছেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। পূর্ণকালীন দায়িত্ব নেওয়া সম্ভব না হলেও আগামী শীতের দক্ষিণ আফ্রিকা সফর এবং ২০২৭ সালের অ্যাশেজের আগে ইংল্যান্ডের টেস্ট ব্যাটারদের সঙ্গে কাজ করে প্রভাব রাখার আশা করছেন সাবেক এই ইংলিশ ব্যাটার।
ক্রিকইনফোকে পিটারসেন জানিয়েছেন, ব্রেন্ডন ম্যাককালাম গত মাসে তাঁকে ইংল্যান্ডের সাদা বলের দলের স্বল্পমেয়াদি পরামর্শক হিসেবে কাজ করার বিষয়ে ফোন করেছিলেন। দক্ষিণ আফ্রিকায় আগামী বছরের ৫০ ওভারের বিশ্বকাপ পর্যন্ত তিনি দলের সঙ্গে আসা-যাওয়ার ভিত্তিতে কাজ করবেন। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজেও ইংল্যান্ডের ব্যাটারদের সঙ্গে কাজ করেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে হেডিংলিতে ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ সমতায় ফেরানোর ম্যাচের পর পিটারসেন জানান, টেস্ট দল নিয়েও ফ্লেমিংয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে নিজের ব্যস্ত সূচির কারণে নিয়মিতভাবে দলের সঙ্গে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
পিটারসেন বলেন, “স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তবে তার মানে এই নয় যে আমাকে ড্রেসিংরুমে থাকতেই হবে। অ্যাশেজ সিরিজের আগে অনেক সময় আছে, দক্ষিণ আফ্রিকা সফরের আগেও অনেক সময় আছে। সেখানে আমি টেস্ট ব্যাটারদের সঙ্গে থাকব, আর কিছু আলোচনা করা যেতে পারে।”
তিনি জানান, শীতের সাদা বলের সফরগুলোতেও টেস্ট ব্যাটারদের সঙ্গে কথা বলার সুযোগ থাকবে। ইংল্যান্ডের অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি এবং দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি ওয়ানডে রয়েছে। এসব সফরের সময় টেস্ট ব্যাটারদের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে তাঁর।
তবে অ্যাশেজের শেষ দিকে তিনি ইংল্যান্ডের সঙ্গে থাকতে পারবেন না। পিটারসেনের ভাষায়, তাঁর “বেশ পাগলাটে সূচি” রয়েছে। আগামী গ্রীষ্মের অ্যাশেজের শেষ দিকে তিন-চার সপ্তাহ আফ্রিকায় প্রাণীদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনাও রয়েছে তাঁর।
পিটারসেনের সঙ্গে ফ্লেমিংয়ের সম্পর্ক অবশ্য নতুন নয়। নটিংহ্যামশায়ারে দুজনের একসঙ্গে কাজ করা হয়নি। ২০০৫ সালে ফ্লেমিং সেখানে অধিনায়ক হিসেবে যোগ দেওয়ার আগেই পিটারসেন হ্যাম্পশায়ারে চলে গিয়েছিলেন। তবে পরে দুজন মেলবোর্ন স্টার্সে একসঙ্গে কাজ করেছেন এবং আইপিএলেও তাঁদের যোগাযোগ ছিল। ম্যানচেস্টারে ইংল্যান্ডের একটি টি-টোয়েন্টি ম্যাচের আগেও ফ্লেমিং দলের সঙ্গে যুক্ত হওয়ার সময় তাঁদের কথা হয়েছে।