

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে মাইক্রো ড্রোন দেবে দেশটির দুই ইউরোপীয় মিত্র যুক্তরাজ্য ও নরওয়ে। বুধবার নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশ যৌথভাবে কিয়েভকে এসব মাইক্রো ড্রোন সরবরাহ করবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। নরওয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টেলিডিন ফ্লির ব্ল্যাক হর্নেট ড্রোন মূল রিকনেসান্স এবং টার্গেট শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয়। এটির দাম পড়বে ৯ কোটি নরওয়েজিয়ান ক্রাউন পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৮৭ কোটি ৫১ লাখ ছয় হাজার ৮২৮ টাকা।