

ইন্টারন্যাশনাল ডেস্ক: কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুতে গড়ে ওঠা আন্দোলনে নিরাপত্তাবাহিনীর তিন সদস্যকে হত্যার অভিযোগে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে। সোমবার ইরানের আইন মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
১৬ সেপ্টেম্বর মাহশা আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির কট্টরপন্থী কঠোর পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে গ্রেফতার করে নৈতিকতা পুলিশ। পরে পুলিশের হেফাজতে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়। এই মৃত্যুর পর ইরানে হিজাব ও কট্টর পোশাকবিধি এবং ইসলামি শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। অনেক নারী হিজাব খুলে ও পুড়িয়ে বিক্ষোভ করছেন।
সর্বশেষ যে তিন ব্যক্তিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে তারা আপিল করতে পারবেন। এর ফলে এখন পর্যন্ত তিন মাসের বেশি সময় ধরে চলমান বিক্ষোভে সংশ্লিষ্টতায় মোট ১৭জনকে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।