

যুক্তরাষ্ট্র অফিস: তিন হাজার সেনা নিয়ে মার্কিন যুদ্ধজাহাজ ইতোমধ্যে লোহিত সাগর পাড়ি দিয়েছে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামুদ্রিক বাহিনী ইরানি জলসীমায় প্রবেশে অগ্রসর হওয়া বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্ক করছে। হরমুজ প্রণালিতে প্রবেশ ও বের হওয়ার সময় ইরান কর্তৃক তেলের ট্যাংকার আটকের চেষ্টার পর এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। ইংরেজি আদ্যক্ষর ‘ইউ’-এর মতো এই জলপথ ওমান উপসাগর ও আরব সাগরের সংযোগ। বিশ্বের মোট উৎপাদিত তেলের এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের মুখপাত্র কমান্ডার টিম হকিন্স বলেছেন, প্রণালিতে ইরান কর্তৃক জাহাজ জব্দের একটি উচ্চতর হুমকি ও ঝুঁকি রয়েছে। এই মুহূর্তে, আমাদের মনোযোগ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হরমুজ প্রণালির আশেপাশে আমাদের উপস্থিতি বাড়ানো।