

ডেস্ক রিপোর্ট: বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী ‘এস আলম গ্রুপ’ ব্যাংক খাত থেকে মোট কত টাকা ঋণ নিয়েছে, তা জানতে গ্রুপটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ও ঋণ হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
বৃহস্পতিবার (২২ আগস্ট) ব্যাংক ও ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বিএফআইইউ।
চিঠিতে পাঁচ কর্মদিবসের মধ্যে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন এবং তাদের পরিবারের সদস্যদের নামে, যৌথ নামে বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে থাকা ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। এ ছাড়া তাদের নামে কোনও লকার ও সঞ্চয়পত্রের তথ্য থাকলে তা জানাতেও বলা হয়েছে।