

ডেস্ক নিউজ, ঢাকা: কোভিড-১৯ এর ভ্যাকসিন বিতরণ সংক্রান্ত নির্দেশনা ভঙ্গের অভিযোগে যুক্তরাষ্ট্রের ব্রুকলিনভিত্তিক একটি স্বাস্থ্যসুরক্ষা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার (২৬ ডিসেম্বর) নিউ ইয়র্ক-এর স্বাস্থ্য কর্মকর্তারা জানান, তারা পারকেয়ার কমিউনিটি হেলথ নেটওয়ার্ক নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নিউ ইয়র্কের স্বাস্থ্য কমিশনার হাওয়ার্ড জুকার এক বিবৃতিতে বলেন, ‘পারকেয়ার কমিউনিটি হেলথ নেটওয়ার্ক ‘সম্ভবত প্রতারণামূলকভাবে কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহ করে তা অঙ্গরাজ্যের অন্যান্য জায়গার ফ্যাসিলিটিগুলোতে পাঠিয়েছে। এটি অঙ্গরাজ্যের নির্দেশনাগুলোর লঙ্ঘন। কারণ, অঙ্গরাজ্য সরকারের পরিকল্পনা ছিল ফ্রন্টলাইনে কাজ করা স্বাস্থ্যসুরক্ষা কর্মী ও নার্সিং হোমের বাসিন্দা ও কর্মীদের কাছে ভ্যাকসিন আগে পৌঁছানো। তা না করে তা জনসাধারণের কাছে চলে গেছে যা সরকারের পরিকল্পনার সঙ্গে সাংঘর্ষিক। আমরা বিষয়টিকে গুরুত্ব সহকারে আমলে নিয়েছি এবং এ ব্যাপারে তদন্ত করতে অঙ্গরাজ্য পুলিশকে সহযোগিতা করছে স্বাস্থ্য বিভাগ।’