

ডেস্ক রিপোর্ট, ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৬২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ১৭ হাজার ৮২২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৯ জন। করোনায় একদিনে শনাক্ত ও মৃত্যুর এটিই সর্বাধিক সংখ্যা। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬৯ জনে।
বুধবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৩৬১ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল সাত হাজার ৮৬২টি, পরীক্ষা করা হয়েছে আগের দিনের-সহ সাত হাজার ৯০০টি।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও সাত জন নারী। এরমধ্যে ঢাকা শহরে ১৩ জন, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে তিন জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একটি মেয়েশিশু আছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন রয়েছেন।